জায়গাটি বেহাল

দেখে মনে হয় জায়গাটির দেখভাল করার কেউ নেই। সামনে লোহার ফটক। ভেতরে আবর্জনা ছড়িয়ে আছে। এক পাশে আস্তানা গেড়েছে বাস।
জায়গাটি জাতীয় ক্রীড়া পরিষদের। রাজধানীর দৈনিক বাংলার মোড়ের অদূরে শ্রম ভবনের (পরিদপ্তর) ঠিক পেছনে। সম্প্রতি এলাকায় গিয়ে দেখা যায়, পুরো জায়গাটি সম্পূর্ণ অরিক্ষিত। আবর্জনার পচা গন্ধে ভারী হয়ে আছে বাতাস।
জায়গাটির সামনের রাস্তার পাশে ফুটপাতের ধারে দলিল লেখেকরা বসেছেন টাইপরাইটার বা ল্যাপটপ নিয়ে। কয়েকজন দলিল লেখক জানান, কাজের কারণে এখানে তাঁদের বসতে হয়। ময়লা-আবর্জনাময় পরিবেশের জন্য তঁাদের অস্বস্তি হয়। তবে ভোগান্তি বেশি হয় যাঁরা দলিল লেখাতে আসেন তাঁদের। কর্মদিবসগুলোতে অনেক মানুষ আসেন এখানে। কেরানীগঞ্জ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কার্যালয়ে এসেছেন মধ্যবয়সী আবদুল হাই। রাজউকেরই একটি প্রকল্পে তাঁর প্লট রয়েছে। বললেন এখানে দলিল লেখার কাজে এসেছেন। প্লটের জন্য স্ট্যাম্পে বিস্তারিত বিবরণ লিখতে হবে। ভিড় এড়াতে গেটের ভেতরে খালি জায়গায় গিয়েছিলেন একটু বিশ্রাম নিতে। কিন্তু দুর্গন্ধের জন্য পাঁচ মিনিটের জন্যও অবস্থান করতে পারেননি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে যোগাযোগ করে জানা যায়, জাতীয় ক্রীড়া পরিষদের অধীন এলাকা হওয়ায় পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত সেখানে ঢুকতে পারেন না। তবে জাতীয় ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তা বিষয়টি সঠিক নয় বলে জানান।