জিএমকে প্রত্যাহার, এমডি বদলি গ্যাসফিল্ডে নিয়োগে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানির মানবসম্পদ মহাব্যবস্থাপক (জিএম) মুজিবুর রহমানকে প্রত্যাহার করে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করা হয়েছে।প্রতিষ্ঠানে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগে গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক শফিকুর রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর গতকাল প্রথম আলোকে বদলি ও নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।এ বিষয়ে হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ-প্রক্রিয়ায় কিছু অনিয়ম হয়েছিল। তবে আমরা শেষ পর্যন্ত এ নিয়োগ দিইনি। ঘটনার তদন্ত চলছে। তবে এটি সত্যি, ১৭ বছর ধরে গ্যাসফিল্ডে নিয়োগ হচ্ছে না। সেখানে অনেক শূন্য পদ রয়েছে। বিধিমোতাবেক এসব পদে নিয়োগ দেওয়া হবে।’অর্থ লেনদেনের মাধ্যমে সম্প্রতি বাংলাদেশ গ্যাসফিল্ডের ৩১টি শূন্য পদে ১৪৩ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে গত ২০ এপ্রিল প্রথম আলোয় ‘৩১ শূন্য পদে ১৪৩ নিয়োগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে ঘটনা তদন্তে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি একটি উপকমিটি করে। এতে স্থায়ী কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরীকে আহ্বায়ক এবং ফজলে নূর তাপস ও ইসরাফিল আলমকে সদস্য করা হয়। উপকমিটি তদন্ত শেষ করে গত ২২ মে দুই শীর্ষ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়।উপকমিটির কার্যবিবরণী থেকে জানা যায়, বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি ৩১টি শূন্য পদের বিপরীতে ১৪৩ জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে। এই নিয়োগের জন্য কোম্পানির পক্ষ থেকে বোর্ডের অনুমতি নেওয়া হয়নি। জেলা, মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটাও সংরক্ষণ করা হয়নি। এই নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে নুরুল ইসলাম ও মুজিবুর রহমান জড়িত। তাই উপকমিটি তদন্তের স্বার্থে এই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সুপারিশ করেছে। এ ছাড়া নিয়োগের ক্ষেত্রে আর্থিক অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাকরির জন্য আবেদনকারীদেরও বৈঠকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।বৈঠকে কমিটির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানিতে জনবল নিয়োগে সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে কি না। জবাবে নুরুল ইসলাম জানান, বিগত দিনের নিয়োগে বোর্ডের অনুমতি নেওয়া হয়নি। তাই এবারও অনুমতি নেওয়া হয়নি। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বৈঠকে জানান, বোর্ডের অনুমতি না নিয়ে জনবল নিয়োগের সুযোগ নেই।বৈঠকে জনবল নিয়োগের বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন কি না, নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কি না, সরাসরি কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে ইত্যাদি বিষয়েও জানতে চাওয়া হয়। ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামের কাছ থেকে এসব প্রশ্নের সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। বৈঠকে তদন্ত উপকমিটির আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী বলেন, নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। কোম্পানির মহাব্যবস্থাপক মুজিবুর রহমানও তাঁর এই বক্তব্য সমর্থন করেন।