জিজ্ঞাসাবাদ হবে ধানমন্ডির নিরাপদ বাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের একটি বাড়িতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে খুব শিগগির জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্র জানিয়েছে, অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হেফাজতে সরকারি ভবনে এ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। সরকারি কর্মকর্তারা বাড়িটিকে ‘সেভ হোম’ বা ‘নিরাপদ বাড়ি’ বলছেন।জানা গেছে, জিজ্ঞাসাবাদের পর তিনজনের যে কোনো একজনের বিরুদ্ধে আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। এরপর ২১ দিনের মধ্যেই শুরু হবে বিচার কার্যক্রম। জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক তদন্ত সংস্থার অন্যতম সদস্য সানাউল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করব জিজ্ঞাসাবাদের পরপরই তদন্ত প্রতিবেদন জমা দিতে, যাতে দ্রুত বিচার শুরু করা যায়।’সূত্র মতে, গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত সংস্থার হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি নির্ধারণের বিষয়ে একটি চিঠি আইন মন্ত্রণালয়ে ভেটিং-এর জন্য পাঠানো হয়েছে। আজ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘...আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থার অনুকূলে সরকারি পরিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত মহানগরীর ধানমন্ডিস্থ সড়ক নং-২৭-এ অবস্থিত ৪০৫/বি বাড়িটি ব্যবহারের জন্য সুনির্দিষ্ট করা হলো।’