জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষককে নেওয়া হলো র‌্যাব সদর দপ্তরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাব লোগো
প্রথম আলো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক সহকারী অধ্যাপককে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাঁকে নিয়ে আসে র‌্যাব।

দুপুরে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

এক খুদে বার্তায় র‌্যাব সদর দপ্তর জানিয়েছে, রাজধানী পল্লবীর সাহিনুদ্দিন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগ আছে। তাই ওই সহকারী অধ্যাপককে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।

গত ১৬ মে বিকেলে পল্লবীর সিরামিকস ফটকের কাছে দুর্বৃত্তরা শিশুপুত্রের সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। গতকাল মঙ্গলবার দুপুরে সেই ভিডিও ক্লিপ নোয়াখালীর যতন সাহার বলে ফেসবুকে আপলোড করে গুজব ছড়ানো হয়। ভারতের দুটি আইডি থেকে সাহিনুদ্দিন হত্যার ভিডিও ক্লিপটি নোয়াখালীর যতন সাহার বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

গতকাল র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ প্রথম আলোকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব জানতে পেরেছে, সাহিনুদ্দিন হত্যাকাণ্ডের ভিডিও ক্লিপটি ভারতের কলকাতা থেকে দেবদৃতা ভৌমিক নামের একজন প্রথম ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে দেন। আর দেবদাস মণ্ডল কলকাতা থেকেই ওই ভিডিও টুইটারে আপলোড করে গুজব ছড়ান। ওই গুজব ছড়ানোর ঘটনায় বাংলাদেশভিত্তিক কুশীলবদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে সহকারী অধ্যাপককে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে।