জিডিপিতে কৃষির অবদান এখনো পর্যাপ্ত নয়: আবদুল মঈন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মঈন খান। ফাইল ছবি

দেশের জিডিপির একটি বড় অবদান কৃষি খাতের। কিন্তু জিডিপিতে এ অবদান এখনো পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, দেশ ধীরে ধীরে উন্নতির দিকে গেলে জিডিপিতে কৃষির অবদান কিছুটা কমে।

জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন আবদুল মঈন খান। অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি।

আবদুল মঈন খান বলেন, সারা বিশ্বে একরপ্রতি কৃষি উৎপাদন জাপানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। জাপানে এক হেক্টরে যে পরিমাণ ফসল উৎপাদিত হয়, বাংলাদেশে তার এক–চতুর্থাংশ হয় না। এটা চার থেকে পাঁচ গুণ বাড়ানো সম্ভব।

অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে কেউ মুখ ফুটে কথা বলতে পারে না। যেকোনো দেশ থেকে সরকারের বিরুদ্ধে কথা বললে মা–বোন, পরিবারের সদস্যদের কারাগারে যেতে হয়। এটা হিটলার, মুসোলিনির (ইতালির সাবেক ফ্যাসিবাদী স্বৈরশাসক) পদ্ধতি। সরকার ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব জি কে এম মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (বিএনপি সমর্থিত অংশ) সভাপতি আবদুল কাদের গণি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাবেক আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমানসহ এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা।