জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষা খাতে ব্যয় হবে সর্বোৎকৃষ্ট বিনিয়োগ। এ খাতে জিডিপির ৬ শতাংশ এবং সরকারের বাজেটের ২০ ভাগ ব্যয় করতে হবে।গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় শিক্ষানীতির ইংরেজি সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইউনেস্কোর সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষানীতিতে মাদ্রাসা ও ইসলামি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অনেকেই না জেনে বা না পড়েই শিক্ষানীতির সমালোচনা করছেন। মন্ত্রী তাঁদের শিক্ষানীতি ভালো করে পাঠ করার অনুরোধ জানান। তিনি বলেন, সব শিশুকে স্কুলে ভর্তি করা, ধরে রাখা এবং তাদের মানসম্মত শিক্ষা দেওয়া সরকারের বড় চ্যালেঞ্জ।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, ইউনেস্কোর প্রতিনিধি ডেরেক ইলিয়াস, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক প্রমুখ।