জিনের বাদশাহ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনের বাদশাহ পরিচয়ে চাঁদাবাজির সময় এক প্রতারককে গ্রেপ্তার করেছে রামপুরা থানার পুলিশ। মালিবাগ সুপার মার্কেটের সামনে থেকে পুলিশ সোমবার গভীর রাতে মো. আনোয়ারুল ইসলাম নামের ওই প্রতারককে ধরে। পরে তাঁর দেওয়া তথ্যের সূত্র অনুযায়ী গ্রেপ্তার করা হয় আরও চারজনকে।পুলিশ জানায়, গত সোমবার গভীর রাতে মিজানুর রহমান নামের এক ব্যক্তি মুঠোফোনে পুলিশের টহল দলকে অভিযোগ করেন, জিনের বাদশাহ তাঁর কাছে এক লাখ ৭০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। তিনি মালিবাগ সুপার মার্কেটের সামনে রাত দুইটায় ওই টাকা দিতে যাবেন। নির্দিষ্ট সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেপ্তার করে মো. আনোয়ারুল ইসলামকে।পরে আনোয়ারের কথার সূত্র ধরে পুলিশ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে আরও চারজনকে। তাঁরা হলেন চিনু মিঞা (২৩), আজাদুর রহমান (২৬), কবিরুল (২৭) ও জিনের মা পরিচয়দানকারী শাইনুর বেগমকে (২৭)।জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, রাত তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এক জায়গায় বসে তাঁরা কয়েকটি মোবাইল ফেনসেট থেকে ফোন করেন। অন্য প্রান্তে কেউ ফোন ধরলে তাঁরা কোরআন-হাদিসের বিভিন্ন বয়ান দিয়ে মানুষের মন নরম করেন, নিজেকে জিনের বাদশাহ বলে পরিচয় দেন। এরপর তাঁরা লোকজনের কাছে টাকা দাবি করেন। এ পর্যন্ত এই চক্রটি এভাবে পাঁচ লাখ ২৫ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে।