আনন্দ তাদের বাঁধ মানছিল না। একবার সতীর্থকে জড়িয়ে ধরছিল, আরেকবার শিক্ষকদের ঘিরে ফলের কথা জানাচ্ছিল। সব ভুলে এক হয়ে উৎসব করছিল তারা। যাঁদের ভয়ে একসময় শ্রেণীকক্ষে তটস্থ থাকতে হতো, সেই শিক্ষকেরাও অংশ নিয়েছিলেন তাঁদের সঙ্গে।গতকাল মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। ৯৬ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় উৎসবে ভিন্ন মাত্রা যোগ হয়। ঢাকা বোর্ডের সেরা স্কুলগুলোর তালিকায় সেন্ট যোসেফ ষষ্ঠ।বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা প্রথম আলোকে বলেন, ‘বরাবরের মতো ছেলেরা এবারও ভালো ফল করেছে। তাদের হাসিমুখ দেখার জন্যই তো আমাদের পরিশ্রম।’ শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। এ বছর গত বছরের চেয়ে বেশিসংখ্যক ছাত্র সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫ অর্জন করেছে।দেশে যখন জিপিএর এই ছড়াছড়ি, তখন সেন্ট যোসেফের অধ্যক্ষের মন্তব্য, ‘শিক্ষার্থীদের জিপিএ প্রাপ্তি বাড়লেও মেধার যথাযথ বিকাশ হচ্ছে না।’ তিনি বলেন, ‘আমার ছাত্রদের মেধা বাড়ছে না, কিন্তু জিপিএ বাড়ছে। এটা আশ্চর্যজনক।’ তাঁর মতে, খাতার মূল্যায়ন আরও ভালোভাবে করা উচিত।সেন্ট যোসেফ থেকে এবারের পরীক্ষায় ১৫২ জন ছাত্র অংশ নিয়েছিল। এর মধ্যে ১৪৭ জন পেয়েছে জিপিএ-৫। বিজ্ঞান বিভাগ থেকে ৮২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে, ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের ৪৮ জন পরীক্ষার্থীর দুজন ও ব্যবসা বিভাগের ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন জিপিএ-৫ পায়নি। গতবারের তুলনায় জিপিএ-৫-এর হার ১ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। স্কুলের সর্বনিম্ন জিপিএ হচ্ছে ৪ দশমিক ৪৪। গতবার এ বিদ্যালয় থেকে ১২২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।এদিকে ফল পাওয়ার আনন্দ ছাপিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা হচ্ছিল ভালো কলেজে ভর্তি হওয়া প্রসঙ্গে। দেশজুড়ে জিপিএ-৫-এর সংখ্যা অত্যধিক হওয়ায় অভিভাবকদের মধ্যেও শঙ্কা কাজ করছিল। হইহল্লার ফাঁকে জিপিএ-৫ পাওয়া স্কুলের শিক্ষার্থী তানভীর মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘দুই বছর পড়াশোনা করার পর ফল পেয়ে ভালো লাগছে। কিন্তু সবকিছু সার্থক হবে, যদি ভালো একটি কলেজে ভর্তি হতে পারি।’