জিপিএ-৫ সেরা নটর ডেম
জীবন গড়ার ক্ষেত্রে বরাবরই শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে এসেছে নটর ডেম কলেজ। সেই শৃঙ্খলার হাত ধরে আরেকটি সাফল্যমণ্ডিত বছর পার করল দেশের অন্যতম সেরা এই বিদ্যাপীঠ।নটর ডেম কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষায় দুই হাজার ৫৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৫৮৬ জন, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। কলেজটির বিজ্ঞান শাখায় এক হাজার ৪১২ জনের মধ্যে এক হাজার ১৩৮ জন, বাণিজ্যে ৭২০ জনের মধ্যে ৩৮৯ এবং মানবিকে ৪১২ জনের মধ্যে ৫৯ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৯৮ দশমিক ৮২ শতাংশ। ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।পরীক্ষার ফলে ঢাকা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবার নটর ডেম কলেজের অবস্থান পঞ্চম। কলেজটি গত বছর ছিল ষষ্ঠ। তবে এ নিয়ে ছাত্র-শিক্ষকদের খুব বেশি মাথাব্যথা নেই। তাঁরা গুরুত্ব দিচ্ছিলেন সার্বিক শিক্ষার ওপর।কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা বলেন, ‘জিপিএ-৫-এর সংখ্যা বা পাসের হার দিয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ মান নির্ণয় করা সম্ভব নয়। শিক্ষার গুণগত মানের দিকে জোর দিতে হবে। একজন শিক্ষার্থী যদি শিক্ষাজীবনে দক্ষতা অর্জন করে তা কর্মজীবনে কাজে লাগাতে পারে, তবেই তাকে মানসম্মত শিক্ষা বলা যাবে।’বাণিজ্য শাখা থেকে জিপিএ-৫ পাওয়া আবদুল্লাহ মেহেদী হাসানের মুখেও একই কথা। শিক্ষকদের সাহায্য এবং ব্যক্তিগত প্রচেষ্টায় এই ফল, বললেন তিনি। যে ব্যাপক সংখ্যায় জিপিএ-৫ পাচ্ছেন, সে সংখ্যায় বিশ্ববিদ্যালয়ের আসন না থাকায় উদ্বিগ্ন মেহেদী। তাঁর মতে, এ বিষয়ে সরকারের এগিয়ে আসা উচিত।গতকাল ভালো ফলের রেশ ছুঁয়ে যায় সারা কলেজ ক্যাম্পাস। কলেজের মাঠ, একাডেমিক ভবন আর ক্যানটিন সর্বত্রই ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। নাচ-গান-চিৎকারে ভালো ফলের আনন্দ উদ্যাপন করছিলেন তাঁরা।তবে ইন্টারনেট থেকে ফল বের করতে দেরি হওয়ায় সবাই একসঙ্গে নোটিশ বোর্ডে ফল দেখার আনন্দ উপভোগ করতে পারেননি নটর ডেমের শিক্ষার্থীরা। বাণিজ্য বিভাগের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তন্ময় সরকার ও শরাফত আহমেদ বলেন, তাঁরা মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে পরীক্ষার ফল দেখেছেন। কিন্তু নোটিশ বোর্ডে সবাই একসঙ্গে ফল দেখার আনন্দ করতে পারেননি।গতকাল বেলা দুইটা থেকে সবাই ইন্টারনেটে ফল দেখার চেষ্টা করায় নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। শেষ পর্যন্ত সন্ধ্যা ছয়টার দিকে কলেজ কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ছাপানো ফল নিয়ে আসে। কিন্তু ততক্ষণে অধিকাংশ শিক্ষার্থী নানাভাবে ফল জেনে বাসায় ফিরে গেছেন আনন্দ করতে।