রাজধানীর জিরো পয়েন্ট (জিপিওর সামনে) থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পর্যন্ত উড়ালসেতু (ফ্লাইওভার) নির্মাণের কাজ চলতি বছরই শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উত্থাপন করা হবে।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে এ সভা হয়। এতে কমিটির সদস্য প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও হুইপ নূর-ই-আলম চৌধুরী ছাড়াও আবদুস ছাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভুঞা, কে এম খালিদ ও সাফিয়া খাতুন উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এ উড়ালসেতুর প্রকল্প প্রস্তাবনা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।কমিটির সদস্য হুইপ নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, কমিটি মনে করছে জিপিওর সামনে থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ হলে দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় প্রবেশকারীসহ পুরান ঢাকার বাসিন্দারা যানজটের হাত থেকে মুক্তি পাবেন। তিনি বলেন, এ ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুত শুরু করার ব্যাপারে পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানও যথেষ্ট আগ্রহী। রাজউকের উদ্যোগে এ উড়ালসেতু নির্মাণ করা হবে বলে তিনি জানান।জানা গেছে, সভায় কমিটির আগামী বৈঠকের আগেই রিয়েল এস্টেট ডেভেলপার বিধিমালা-২০১১ চূড়ান্ত করার সুপারিশ করা হয়। কমিটির সভায় এ বিধিমালা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া সভায় রাজউকের ফ্ল্যাট বরাদ্দ নীতিমালার খসড়া নিয়ে আলোচনা করা হয়।