প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ছিলেন ঐক্যের প্রতীক। রাজনৈতিক জীবনে কারও প্রতি অসৌজন্যমূলক আচরণ করেননি। তিনি সৎ ও প্রকৃত মানুষ ছিলেন। ছিলেন স্পষ্টবাদী, জ্ঞান ও কর্মে দূরদর্শী। তাঁর মৃত্যুতে এক শোকসভায় গতকাল সোমবার বক্তারা এসব কথা বলেন।জাতির সংকটে তাঁর মতো নেতৃত্বের বড় প্রয়োজন ছিল উল্লেখ করে বক্তারা জিল্লুর রহমানের কাজ ও নেতৃত্বের প্রতি নিষ্ঠা রেখে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে এই সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।স্মৃতিচারণা করে সভায় বক্তারা বলেন, জিল্লুর রহমান রাজনৈতিক অঙ্গনে কীর্তিমান পুরুষ ছিলেন। দলীয় নেতৃত্বের প্রতি তাঁর আনুগত্য ছিল অপরিসীম। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় স্ত্রী আইভি রহমানের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন, কিন্তু মানুষের কল্যাণ ও মঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা করেননি। এক-এগারোর পর আওয়ামী লীগের সংকটে এবং দেশের দুর্দিনে তিনি হাল ধরেছিলেন। দেশ ও জাতির কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, স্ত্রী আইভি রহমান হত্যাকাণ্ডের বিচার তিনি দেখে যেতে পারেননি। বিচার না করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে একাত্তরের ঘাতকদের বিচার এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার শেষ করতে হবে।পরিষদের সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি এ কে এম সাইফুদ্দিন আহমেদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোমতাজ উদ্দিন আহমদ, সাংসদ সানজিদা খানম প্রমুখ বক্তব্য দেন। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তানিয়া বখ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।