জিয়া হায়দার হত্যা মামলার ক্ষতি করেছে থানার পুলিশ!
হত্যার সঙ্গে জড়িত একজনের ভাই মিরপুর থানার কথিত সূত্র বা ‘সোর্স’। স্বজনদের অভিযোগ, পুলিশ হত্যা মামলাটির তদন্তে নেমে সহায়তা নেয় সেই সোর্সের। এরপর উল্টো মামলার বাদী নিহতের স্ত্রীকেই নানাভাবে হয়রানি করে পুলিশ। বিষয়টিকে ‘সম্পর্কের বিরোধের জের’ হিসেবে প্রতিষ্ঠিত করারও চেষ্টা চলে।মামলাটির বর্তমান তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তাদেরও উপলব্ধি, থানাপুলিশের ‘অবহেলা’র কারণে খুনিরা পালাতে পেরেছে।গত ২১ জানুয়ারি দিনদুপুরে বাসায় ঢুকে জিয়া হায়দারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত জিয়া হায়দারের স্ত্রী কাজী সেলিনা আজমী মিরপুর থানায় হত্যা মামলা করেন। অভিযোগ ওঠে, পুলিশের কথিত সোর্স মনির হোসেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে তথ্য সরবরাহ করেছিলেন। এই মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বেশ কয়েকজনের কাছে টাকা দাবির অভিযোগও ওঠে মনিরের বিরুদ্ধে। পরে ডিবির তদন্তে এ হত্যাকাণ্ডে মনির হোসেনের ভাই নয়নের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। এসব অভিযোগ ওঠার ২৫ দিন পর মামলার তদন্তভার পায় ডিবি।মনিরের সঙ্গে সখ্য থাকার ব্যাপারে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক ইয়াছিন গাজী গত ফেব্রুয়ারি মাসে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের জন্য ভালো-খারাপ সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হয়।’থানাপুলিশের এহেন আচরণের প্রতিকার চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে গত ২৮ মার্চ আবেদন করেন সেলিনা আজমী। বিষয়টি তদন্তের দায়িত্ব পান ডিবির সহকারী কমিশনার নাছির উদ্দিন।নাছির উদ্দিন বলেন, সবার বক্তব্য নিয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এটা ঠিক, থানার পুলিশ বাদীর সঙ্গে ভালো ব্যবহার করেনি। তিনি থানার তদন্ত কর্মকর্তাকে ডেকে ‘বকাঝকা’ করেছেন বলে জানান।সেলিনা আজমী প্রথম আলোকে বলেন, মনির ও নয়নের পরিবারের লোকজন এখনো হুমকি ও গালিগালাজ করে যাচ্ছে। ডিবি মনিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ঘটনার মূল পরিকল্পনাকারী মনিরের ছোট ভাই নয়ন ও জিতু নামের দুজন। ডাকাতির উদ্দেশ্যে তারা জিয়া হায়দারের বাসায় ঢুকেছিল। জানতে চাইলে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মিজানুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, সব আসামিকেই শনাক্ত করা হয়েছে। তবে হত্যা-কারীদের কয়েকজন দেশের বাইরে চলে গেছে। ডিবির একজন কর্মকর্তা বলেন, পুলিশ যদি শুরু থেকেই তৎপর হতো, তবে আসামিরা পালানোর সুযোগ পেত না। থানার পুলিশ মামলাটির অনেক ক্ষতি করে ফেলেছে।ডিবির হাতে গ্রেপ্তার হওয়ার কয়েক দিনের মধ্যেই জামিনে বেরিয়ে আসেন মনির। ১৩ মে আগ্নেয়াস্ত্রসহ তাঁকে ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব-৪-এর একটি দল। গ্রেপ্তারের পর তাঁকে সোপর্দ করা হয় মিরপুর থানায়। র্যাব-৪-এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, পশ্চিম শেওড়াপাড়ায় একটি বাড়ির বাসিন্দার কাছে চাঁদা দাবি করার সময় হাতেনাতে মনিরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। র্যাব কর্মকর্তা বলেন, ‘পুলিশের সঙ্গে তাঁর সখ্যের কথা আমি শুনেছি।’ র্যাবের হাতে মনির এসআই ইয়াছিন গাজী বলেন, ‘সখ্য নয়, নয়নকে গ্রেপ্তারের জন্য মনিরের সঙ্গে কথা বলেছিলাম।’ র্যাবের করা অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মনির নিজেকে পুলিশের সোর্স হিসেবে দাবি করেছে।