জীবন একটা উপহার, নতুনভাবে দেখছি
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo. com

জীবনের সৌন্দর্য এখানেই যে জীবনে বাঁক আছে; আছে চড়াই-উৎরাই। অন্ধকার আছে বলেই আমরা বুঝি আলো কতটা দরকারি। বিপদের মুহূর্তগুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সুখের গুরুত্ব।
এই করোনা সংকট আসার আগে আমার দিনের সবচাইতে বড় অংশটাই কাটত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সামাজিক বিজ্ঞান চত্বর, কলাভবন, টিএসসি, কার্জন হল, শহীদুল্লাহ হলের আলো-বাতাসে। দিন কাটত ভাবনায় ডুবে, পড়াশোনা করে, ভালোবেসে, স্বপ্ন দেখে আর স্বপ্নের স্বাদ ছড়িয়ে দিয়ে। কত প্রিয় মুখ—শিক্ষক, কর্মচারী, সিনিয়র, সহপাঠী, জুনিয়র। প্রতিযোগিতায় অংশ নিতাম। দেশি-বিদেশি কনফারেন্সের জন্য আবেদন করতাম। টেন মিনিট স্কুলে ভিডিও বানাতাম।
গত ৪০ দিন ধরে ঘরের মধ্যে সময় কাটছে। মাঝেমধ্যে হাঁপিয়ে যাই। সূর্যের আলো কিংবা বৃষ্টির জল দেখি জানালা দিয়ে। কখনও ছুটে যাই ছাদে।
নচিকেতার একটা গান আমার খুব প্রিয়, “যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন, কি আর করে তখন... স্বপ্ন দেখে মন।” জীবনে সংকট বা দুঃসহ যন্ত্রণা এলে মানুষ বেঁচে থাকে স্বপ্নকে আঁকড়ে ধরে। এই সময়টাতে আমিও স্বপ্নটাকে আরও ভালোভাবে বুনতে চেষ্টা করছি। বাসায় একটা ওয়ার্কস্পেস বানিয়ে নিয়েছি। এখানে বসে টেন মিনিট স্কুলের কুইজ বানাই। ভিডিওর কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কাজ করি। দুই দিন ফেসবুকে লাইভে গিয়েও পড়িয়েছি।
বিশ্ববিদ্যালয় বন্ধ। তবে পড়াশোনাটা বন্ধ নয়। অনলাইনে পড়াশোনা করছি। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে ভাবছি। সব আবার স্বাভাবিক হলে কী কী করব বা কিনব, তার তালিকাও বানিয়েছি। বই পড়াটা বেড়েছে। এই সময়ের মধ্যে ৭টা চমৎকার বই পড়ে শেষ করলাম। লেখালেখিতে সময় দিই। নিজের লেখাগুলোও গোছাচ্ছি। ইচ্ছা, ২০২১ এর বই মেলার জন্য কিছু দাঁড় করানো। সব মিলিয়ে জীবনকে নতুনভাবে দেখতে শিখছি। এই অবসরের ফলে নিজের মতো করে ভাবনা-চিন্তার একটা সুযোগ তৈরি হয়েছে আমার।
খারাপ লাগে সেই খেটে খাওয়া মানুষগুলোর জন্য যাদের খুব একটু সঞ্চয় নেই। অনাহারে-অর্ধাহারে কাটাতে হচ্ছে যাদের। স্রষ্টার কাছে কামনা, সব কিছু যেন স্বাভাবিক হয়। স্বপ্ন দেখি, একদিন এই শহর আবার প্রাণচাঞ্চল্য ফিরে পাবে। আমরা টিএসসিতে দাঁড়িয়ে চা খাব আর আড্ডা দেব। শিশুরা খেলবে মাঠে। ব্যস্ততা আর আনন্দে ডুবে যাবে চারপাশ।
এই সংকট শেষে আমরা জীবনকে আরও ভালোভাবে বুঝতে শিখব, ভালোবাসতে শিখব প্রকৃতিকে, উপলব্ধি করতে পারব যে—জীবন একটা উপহার!
*লেখক: শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাবি ও ইন্সট্রাক্টর, রবি টেন মিনিটস স্কুল। [email protected]