জীবনহানি কমাতে প্রয়োজন সামরিক ও বেসামরিক উদ্যোগের সমন্বয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো দুর্যোগ মোকাবিলায় সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা তাদের পেশাগত দায়িত্ব হিসেবে স্বীকৃত। তাই সামরিক উদ্যোগের সঙ্গে বেসামরিক উদ্যোগের সমন্বয় করা গেলে বড় কোনো দুর্যোগেও ক্ষয়-ক্ষতি ও জীবনহানি অনেক কমিয়ে আনা সম্ভব। গতকাল বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘সামরিক-বেসামরিক সমন্বয়ে কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ঢাকার আমেরিকান সেন্টার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এইচসি স্টেকপোল। তিনি বলেন, ‘পরিবহনসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ, সেনাসদস্যদের বিশেষ দক্ষতা, চিকিৎসা, প্রকৌশলসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা থাকার কারণে সামরিক বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকে। তাই দুর্যোগকালে রাষ্ট্র এই বাহিনীর কাছ থেকে সহায়তা পাবে, এটাই স্বাভাবিক।’ ১৯৯১ সালে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোকাবিলায় মার্কিন সেনাবাহিনীর সহায়তার কথা তুলে ধরে স্টেকপোল বলেন, ‘যুক্তরাষ্ট্র এসব জরুরি মুহূর্তে সহায়তা দিতে সব সময় প্রস্তুত। সব দুর্যোগেই সামরিক ও বেসামরিক বাহিনীর সমন্বয় থাকা উচিত।’ ’৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণা করে ঢাকার মার্কিন দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেন, ‘সে এক ভয়াবহ চিত্র। আমি পরিস্থিতি সম্পর্কে জানাতে এবং যুক্তরাষ্ট্রে গিয়ে সহায়তা নিশ্চিত করি।’ বর্তমানে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবিলায় অনেক এগিয়ে গেছে দাবি করে শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী বলেন, ’৯১ সালে বাংলাদেশে আশ্রয়কেন্দ্র ছিল ৫০টির মতো। আর এখন আশ্রয়কেন্দ্র রয়েছে চার হাজার। যাতে প্রায় ৮০ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। ১৯৯১ সালে স্বেচ্ছাসেবক ছিল মাত্র পাঁচ হাজার। এখন উপকূলীয় অঞ্চলে প্রায় ৬২ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে।’পানি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।