জীবনের ছবি আঁকলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য প্যাশন অব ড্রয়িং-টু’ আর্টক্যাম্পে অংশ নেন বীরেন সোম, ফরিদা জামান, আবদুস শাকুর শাহ, কনক চাঁপা চাকমা, অনুকুল মজুমদার ও আবদুল্লাহ আল বশীর
ছবি: সংগৃহীত

রিকশাচালক মোহাম্মদ বেলালকে আজ পেডেল ঘোরাতে হয়নি। নিজের রিকশায় বসে অলস সময় কাটানোর জন্য পারিশ্রমিক পেয়েছেন তিনি। নানা ভঙ্গিতে কখনো তিনি বসেছেন চালকের আসনে, কখনো যাত্রীর আসনে। তাঁর এসব ভঙ্গিমার ছবি এঁকেছেন প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল কয়েকজন চিত্রকর।

আজ শনিবার রাজধানীর বারিধারার গার্ডেন গ্যালারিতে ছিল অন্য রকম এক আর্টক্যাম্প। গ্যালারি কসমসের আয়োজনে সকাল থেকে সেখানে আঁকার আমন্ত্রণে হাজির হয়েছিলেন বরেণ্য শিল্পীরা। দ্য প্যাশন অব ড্রয়িং–টু শিরোনামের এ আর্টক্যাম্পে অংশ নেন বীরেন সোম, ফরিদা জামান, আবদুস শাকুর শাহ, কনক চাঁপা চাকমা, অনুকুল মজুমদার ও আবদুল্লাহ আল বশীর।

শাহবাগ মোড়ে ফুলের মালা গাঁথেন কুলসুম। শাহবাগ থেকে তাঁকেও নিয়ে যাওয়া হয় বারিধারার আর্টক্যাম্পে। সেখানে নিজের মতো করেই ফুলের মালা গেঁথেছেন তিনি। শিল্পীরা তাঁর সেই কাজের দৃশ্য ধারণ করেছেন ক্যানভাসে।

আজ চারকোল, পেনসিল, প্যাস্টেল, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে জীবনের ছবি এঁকেছেন শিল্পীরা। একেকজন শিল্পী তৈরি করেছেন বেশ কয়েকটি চিত্রকর্ম। বিকেল থেকে সেই চিত্রকর্মগুলো দেখার সুযোগ পেয়েছিলেন সংগ্রাহকেরা। শিল্পকর্ম তৈরি শেষ হতে না হতে সেগুলো লুফে নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি সংগ্রাহকদের অনেকে।

গত শীতে প্রথমবার দ্য প্যাশন অব ড্রয়িং আয়োজন করে গ্যালারি কসমস। উদ্দেশ্য ছিল মডেলদের সামনে রেখেই তাঁদের কাজের দৃশ্যের ছবি আঁকা। একই দৃশ্য থেকে শিল্পীর তুলি যে ভিন্ন ভিন্ন দৃশ্য বের করে আনতে পারে, সেটি যেন আবারও মূর্ত হয়ে ওঠে দ্য প্যাশন অব ড্রয়িংয়ের দ্বিতীয় আয়োজনে। গ্যালারি কসমসের নির্বাহী শিল্প ব্যবস্থাপক সৌরভ চৌধুরী জানান, বাস্তব জীবনের মডেলদের নিয়ে এই আর্টক্যাম্প তাঁরা নিয়মিত চালিয়ে যাবেন।