জীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বসবাস
রাজধানীর চানখাঁরপুলে অবস্থিত যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী স্টাফ কোয়ার্টারের তিনটি জীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ২৪ জন কর্মচারী সপরিবারে বসবাস করছেন। থাকেন দুর্ঘটনার আতঙ্কে। ভবনগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।সরেজমিনে গিয়ে দেখা গেছে, যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংলগ্ন এ কোয়ার্টারের তিনটি ভবনের বারান্দার দেয়ালের পলেস্তারা খসে গিয়ে রড বেরিয়ে আছে। দেয়াল ও ছাদের বিভিন্ন স্থানে বড় ফাটল। বাসিন্দারা জানান, ভূমিকম্প হলে তাঁদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ ছাড়া আশপাশের গাছ ভেঙে ভবনে পড়লেও দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাসের সংযোগ না থাকায় রান্না হয় সিলিন্ডার গ্যাস বা লাকড়ি দিয়ে। বাসিন্দারা সবাই মিলে একটি মিটারে বিদ্যুতের সংযোগ নিয়েছেন। ওয়াসার পানির সংযোগ নেওয়া হলেও ভবনের ত্রুটির কারণে অনেক পরিবার ঠিকমতো পানি পায় না। এ ছাড়া পয়োনিষ্কাশনের ব্যবস্থাও নেই।এর পরও সেখানে বসবাসের কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কোয়ার্টারের কয়েকজন বাসিন্দা জানান, এত অল্প বেতন পেয়ে অন্যত্র ভাড়া বাসায় থাকা সম্ভব নয়।যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে এই আবাসিক ভবনগুলো তৈরি করে গণপূর্ত অধিদপ্তর। গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ দেওয়ার আগেই কয়েকজন সরকারি-বেসরকারি কর্মচারী ও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি উঠে পড়েন। ২০০৫ সালে ভবনগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এলে অবৈধ দখলদারদের ভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এরপর সেখানে যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১২ জন কর্মচারী নিজ প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে কোয়ার্টারে ওঠেন। কিন্তু দীর্ঘ দিন অবৈধ দখলে থাকায় প্রয়োজনীয় সংস্কারের অভাবে ভবনগুলো এর মধ্যেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। দিন দিন এগুলো ক্রমে জীর্ণ হয়ে পড়ে।কোয়ার্টারের বাসিন্দা, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী খায়ের হোসেন বলেন, ‘আমরা ২৪টি পরিবার যে কী কষ্টে এখানে বসবাস করছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। সরকারের কাছে আমাদের আবেদন, ভবনগুলো সংস্কারে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।’যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক মো. মোসাদ্দেক প্রথম আলোকে বলেন, ‘আমরা এই কোয়ার্টার সংস্কারের জন্য আর্থিক বরাদ্দ চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর একাধিক চিঠি দিয়েছি। যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রত্যাশা, ভবনগুলো সঠিকভাবে সংস্কার হোক।’জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন ২) মোকলেসুর রহমান বলেন, এ স্টাফ কোয়ার্টার অনেক দিন অবৈধ দখলে ছিল। বর্তমানে ঢাকা মেডিকেল ও যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের কর্মচারীরা সেখানে থাকলেও মন্ত্রণালয় তাঁদের প্রাতিষ্ঠানিকভাবে বাসা বরাদ্দ দেয়নি। মোকলেসুর রহমান আরও বলেন, ‘ভবনগুলো অসম্পূর্ণ ও ঝুঁকিপূর্ণ—এই মর্মে আমরা চিঠি পেয়েছি। এর বর্তমান অবস্থা তদন্ত করে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পাব। এর পরই করণীয় ঠিক করা হবে।’