জুট জিওটেক্সটাইল ব্যবহার বৃদ্ধির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশসম্মত ও টেকসই উন্নয়নের জন্য গ্রামীণ সড়কসহ অবকাঠামো নির্মাণে জুট জিওটেক্সটাইল (পাটের তৈরি বিশেষ ধরনের কাপড়) ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও ভারতে ‘জুট জিওটেক্সটাইলের উন্নয়ন ও প্রয়োগ’ প্রকল্পের দুই বছর পূর্তির সভায় তাঁরা এ আহ্বান জানান। গতকাল সোমবার মণিপুরিপাড়ায় ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থাপিত বাংলাদেশের প্রতিবেদনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া, কেরানীগঞ্জ, সাভার ও খুলনার দাকোপে গ্রামীণ সড়ক নির্মাণে, বান্দরবানে পাহাড় এবং রাজবাড়ী ও বগুড়ায় নদীভাঙন রোধে জুট জিওটেক্সটাইলের ব্যবহার সফল হয়েছে। ভারতের প্রতিবেদনে সে দেশের ন্যাশনাল জুট বোর্ডের তপব্রত সান্যাল বলেন, ভারতে ১৬টি স্থানে পরীক্ষামূলকভাবে জুট জিওটেক্সটাইল ব্যবহূত হচ্ছে। যুক্তরাজ্যের ন্যাশনাল সয়েল রিসার্চ ইনস্টিটিউটের জেন এরিকসন বলেন, ইউরোপের গ্রামগুলোতে ভূমিধস রোধে কৃষকেরা জুট জিওটেক্সটাইল ব্যবহার করছেন। বিশ্বব্যাপী এর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। সভার সভাপতি ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের সেক্রেটারি জেনারেল ভূপেন্দ্র সিং বলেন, ২০১৮ সালের মধ্যে বিশ্বে চার কোটি ৮০ লাখ বর্গমিটার জুট জিওটেক্সটাইলের চাহিদা তৈরি হবে।