জুনের মধ্যে ঝুলন্ত তার অপসারণের নির্দেশ ডিএনসিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ঢাকার উত্তর সিটি করপোরেশন আলোচনায় সভায় কথা বলেন মেয়র আতিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা থেকে সব ঝুলন্ত তার আগামী ৩০ জুনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন এ সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম। অন্যথায় ডিএনসিসি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জানান তিনি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান-২–এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এক সভায় মেয়র এ নির্দেশনা দেন। ঝুলন্ত তার (ওভারহেড কেব্‌ল) স্থানান্তর ও খনন করা রাস্তা মেরামত নিয়ে আলোচনা হয় এ সভায়।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ঝুলন্ত তার সঠিক পরিকল্পনার মাধ্যমে মাটির নিচে (ভূগর্ভে) স্থানান্তর করতে হবে। এ নিয়ে নির্দেশনা থাকলেও সেটা অনুসরণ করা হচ্ছে না। যে কারণে নগরের অলিগলিতে এখনো এলোমেলোভাবে কেব্‌ল টেলিভিশনের তার (ডিশলাইন) ও ইন্টারনেটের সংযোগ ঝুলছে।

রাস্তার খননকাজে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে জানিয়ে মেয়র বলেন, রাস্তা খননকারী বিভিন্ন প্রতিষ্ঠান শর্ত না মানার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বুধবার (২৬ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর কোথাও রাস্তা খনন করা যাবে না। এ ছাড়া যেসব প্রতিষ্ঠান রাস্তা খনন করায় রাস্তা উঁচু-নিচু কিংবা অসমান হয়েছে, ওই প্রতিষ্ঠানকেই তা মেরামত করে দিতে হবে।

ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।