জুবায়ের হত্যা মামলার চার আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার আরও চার আসামিকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানো আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র নাজমুল হুসেইন, দর্শন বিভাগের ছাত্র কামরুজ্জামান, ইতিহাস বিভাগের মাজহারুল ইসলাম ও মো. মাহমুদুল হাসান। এই চারজনই মামলার তালিকাভুক্ত আসামি। তাঁরা এত দিন পলাতক ছিলেন।গতকাল ঢাকার বিচারিক হাকিম ওয়াসিম শেখের আদালতে ওই চার আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত প্রত্যেকের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত ৮ জানুয়ারি ছাত্রলীগের কর্মীদের মারধরের শিকার হন এই সংগঠনেরই সাবেক কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়। মামলায় ৫ মার্চ আদালতে বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৫ এপ্রিল আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এর আগে মামলার অন্য আসামি প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র খন্দকার আশিক ও জাহিদ হাসান, সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র মাহবুব আকরাম এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিমকে কারাগারে পাঠানো হয়।