জুরাইন ও গেন্ডারিয়া রেললাইনের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনের সামনে এবং রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ বাড়িঘর ও স্থাপনা উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ l ছবি: প্রথম আলো
রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনের সামনে এবং রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ বাড়িঘর ও স্থাপনা উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ l ছবি: প্রথম আলো

রাজধানীর জুরাইন ও গেন্ডারিয়ায় রেললাইনের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন৷
গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো এ অভিযান পরিচালনা করেন রেলওয়ের ম্যাজিস্ট্রেট নূরন নবী কবির। তিনি প্রথম আলোকে বলেন, এর আগে দুই দিন গেন্ডারিয়া রেলস্টেশনের পূর্ব পাশ থেকে প্রায় জুরাইন রেল ফটক পর্যন্ত উচ্ছেদ করা হয়। গতকাল আবার ওই স্টেশন এলাকা থেকে রেললাইনের পশ্চিম পাশে উচ্ছেদ শুরু হয়।
‘জুরাইন রেললাইন ঘেঁষে বাজার, ঘটছে দুর্ঘটনা’ শিরোনামে গত ১১ অক্টোবর প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপানো হয়েছিল। এ ছাড়া ১৪ আক্টোবর ‘জুরাইন রেলবাজার: রেল কর্তৃপক্ষকেই উচ্ছেদ করতে হবে’ শিরোনামে একটি উপসম্পাদকীয় ছাপানো হয়৷
সরেজমিনে দেখা যায়, গেন্ডারিয়া রেলস্টেশন থেকে প্রায় জুরাইন রেল ফটক পর্যন্ত রেললাইনের পূর্ব পাশের প্রায় ২৫০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এসব স্থাপনার ইট-পাথর চারপাশে ছড়িয়ে আছে৷ এই
ফটক-সংলগ্ন কয়েকটি স্থাপনা নিজের উদ্যোগেই সরিয়ে ফেলছেন দোকানমালিকেরা৷ তবে জুরাইন কাঁচাবাজার এলাকায় রেললাইনের দুপাশে সবজি বিক্রি করছে কিছু অস্থায়ী দোকান৷ এ ছাড়া গেন্ডারিয়া রেলস্টেশনের পশ্চিম পাশে চলছে উচ্ছেদ অভিযান। গতকাল বিকেল পর্যন্ত এপাশের প্রায় দেড় শ ঘর-বাড়ি ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। কিছু নারী-পুরুষ এসব উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন।
জুরাইন কাঁচাবাজার এলাকার দোকানি মহসীন বলেন, ‘রেললাইনের জমির ওপর থাকা স্থাপনা গেন্ডারিয়া থেকে ভাঙা শুরু হয়েছে। তাই আগেই নিজের দোকান গুছিয়ে নিচ্ছি।’
রেললাইনের পাশে সবজি বিক্রি করছিলেন আবদুল কাদের। তিনি বলেন, ‘দোকানে মালামাল কম। পুলিশ উচ্ছেদ করতে আইলেই তা গুছাইতে বেশি সময় লাগবে না।’