জুলাইয়ে টার্কিশ ও এয়ার এরাবিয়ার ফ্লাইট চালু

আগামী ১ জুলাই থেকে ঢাকায় পরিচালনা আবারও শুরু করতে যাচ্ছে টার্কিশ এয়ারলাইনস। একই সময় এয়ার এরাবিয়াও ঢাকা থেকে তাদের ফ্লাইট চালু করবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ কথা জানান।
আজ রোববার তিনি প্রথম আলোকে বলেন, টার্কিশ এয়ারলাইনসের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এয়ার এরাবিয়া ঢাকা থেকে শারজাহ রুটে ফ্লাইট পরিচালনার আবেদন করে। দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে টার্কিশ এয়ারলাইনস সপ্তাহে তিন দিন আর এয়ার এরাবিয়া সপ্তাহে একদিন করে ফ্লাইট পরিচালনা করবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেবিচক। তবে ১৫ জুন থেকে যুক্তরাজ্য ও কাতারের ফ্লাইট চালুর অনুমতি দেয় তারা। ২৪ জুন থেকে আরব আমিরাতে ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস। তবে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস কেবল ট্রানজিট যাত্রী নিতে পারছে। তাদের মতো এয়ার এরাবিয়াও ট্রানজিট যাত্রী নিয়ে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে।