জুয়ার টাকা জোগাতে মালিককে খুন করেন গাড়িচালক
অনলাইনে জুয়া খেলার টাকা জোগাতে মালিককে খুন করেছেন তাঁর গাড়িচালক। রাজধানীর বাড্ডায় আফরোজা সুলতানা হত্যা মামলায় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদালতকে এ কথা বলেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গতকাল সোমবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নিহত আফরোজা সুলতানার গাড়িচালক হৃদয় ব্যাপারী। হৃদয় ব্যাপারী এখন কারাগারে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) রিপন উদ্দিন লিখিতভাবে আদালতকে জানান, আসামি হৃদয় ব্যাপারী আফরোজা সুলতানার গাড়িচালক ছিলেন। তাঁর বেতন ১৭ হাজার টাকা। হৃদয় ব্যাপারী অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। জুয়া খেলে টাকা হারিয়ে তিনি ধারদেনা করে চলতেন। তিন মাসের বাড়িভাড়াও দিতে পারেননি। হৃদয় ব্যাপারী আফরোজার কাছে টাকা ধার চাইতেন।
ডিবি পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সেদিন (১৩ মার্চ) আফরোজা সুলতানা বাসায় ফেরেন বিকেল ৫টা ৪৬ মিনিটে। তিনি বাসায় প্রবেশের চার–পাঁচ মিনিট পর হৃদয় ব্যাপারী বাসায় প্রবেশ করেন। তখন আফরোজা ওয়াশরুমে জামাকাপড় পরিষ্কার করছিলেন। এ সময় আসামি হৃদয় আফরোজাকে গলা কেটে হত্যা করেন। পরে হৃদয় ওই বাসা থেকে একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের ব্রেসলেট ও এক জোড়া কানের দুল নিয়ে চলে যান। পাশাপাশি নিহত আফরোজার ভ্যানিটি ব্যাগ থেকে ৬০০ টাকা নিয়ে নেন। তখন ব্যাগে থাকা টিস্যু পেপারে রক্তের ফোঁটা পড়ে। রক্তমাখা টিস্যু পেপার রান্নাঘরের জানালা দিয়ে নিচে ফেলে দেন। ওই দৃশ্য ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসি ক্যামেরা) রেকর্ড হয়।
গত ১৩ মার্চ রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় আফরোজা সুলতানা খুন হন। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন নিহত আফরোজার ভাই আবদুল মজিদ। মামলার পরের দিন ঢাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আফরোজা সুলতানা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। প্রায় ছয় বছর প্রেমের পর গত জানুয়ারিতে আইয়ান ফারিসকে বিয়ে করেন তিনি।