জেঁকে বসেছে শীত, গরম কাপড় কেনাকাটায় ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বেশ আগেই শীত অনেকটা জেঁকে বসেছে। কয়েক দিন ধরেই কুয়াশায় আচ্ছন্ন থাকছে ভোরের রাজধানী। লোকজন ঝুঁকছেন গরম কাপড় কেনাকাটার দিকে। তবে পোশাকবাজারের বিক্রেতাদের ধারণা, শীত আরও বাড়লে শীতবস্ত্রের বেচাকেনা আরও চাঙা হয়ে উঠবে।রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মানুষ শীতের পোশাক কিনছেন। রাজধানীর পোশাকের অন্যতম বড় বাজার বঙ্গবাজার। বিক্রেতারা এখানে তাঁদের দোকানে ছোট-বড় সব বয়সী মানুষের গরম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। ৫০ থেকে শুরু করে হাজার টাকা—সব ধরনের গরম পোশাক মিলবে এখানে। এখানকার ক্রেতারাও নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষ। ফয়সাল ফ্যাশন হাউসের বিক্রেতা ফয়সাল হোসেন জানান, শীত বাড়ায় ক্রেতাদের আগ্রহ সোয়েটারের প্রতি। মোটা কাপড়ের শার্টও বিক্রি হচ্ছে। জ্যাকেট, কোট, মাফলার, কানটুপি, হাতমোজাও কিনছেন লোকজন।নিউমার্কেটেও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শীতের পোশাক। পরিবারের সদস্যদের জন্য সোয়েটার কিনতে আসা মিরপুরের বাসিন্দা আমেনা ফেরদৌস জানান, তাঁর ছেলেমেয়েরা স্কুলে পড়ে। সন্তানদের জন্য গরম পোশাক কিনতে এসেছেন তিনি। এ ছাড়া ঢাকা কলেজের উল্টো দিকে হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেটেও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শীতবস্ত্র। কেনাকাটায় ভিড় বেড়েছে রাজধানীর লেপ-কম্বলের বাজারেও। উচ্চবিত্ত ব্যক্তিরা উলের তৈরি বিদেশি কম্বলই বেশি কিনছেন। নিউমার্কেটের পোশাকবিক্রেতা লাকি ফ্যাশনের স্বত্বাধিকারী মাঈন উদ্দিন জানান, শীত এখনো খুব না বাড়ায় পাতলা কম্বলের দিকেই ক্রেতাদের আগ্রহ বেশি। মান অনুযায়ী এক হাজার থেকে আট হাজার টাকার মধ্যে দোকানিরা এসব কম্বল বিক্রি করছেন। বিদেশি কম্বলের পাশাপাশি দেশের তৈরি কম্বলের চাহিদাও রয়েছে। দাম কম হওয়ার কারণে মধ্যবিত্ত-নিম্নবিত্ত ব্যক্তিরা এসব কিনছেন। ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে এসব কম্বল মিলছে।শীতের মৌসুমে লেপের কদরই আলাদা। নীলক্ষেতের নূর বেডিং স্টোরের বিক্রেতা আল-আমিন জানান, এ সময় ক্রেতারা তাঁদের চাহিদামতো লেপ বানিয়ে নেন। প্রতিদিন তাঁদের কাছে লেপের প্রচুর অর্ডার আসছে।রাজধানীর বিভিন্ন শপিং মলে বড় বড় ব্র্যান্ডের দোকানেও শীতবস্ত্রের বেচাকেনা বেড়েছে। বিক্রেতারা জানান, শীতে ফ্যাশনেবল বিভিন্ন পোশাকের দিকেই তরুণদের আগ্রহ বেশি। তাঁদের চাহিদার দিকে নজর রেখে তাঁরা শীতের পোশাকেও বৈচিত্র্য আনার চেষ্টা করছেন। হাফহাতা-ফুলহাতা সোয়েটার, ব্লেজার, কোট, ফুলহাতা টি-শার্ট, জিনসের শার্ট, চাদর—এসবই বেশি চলছে।শপিং মল ছাড়া ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও শীতের পোশাকের বিক্রি বেড়েছে। নিম্ন আয়ের মানুষেরই ভিড় বেশি এখানে। তাঁরা কম দামে এখান থেকে গরম কাপড় কিনছেন। তবে বিক্রেতারা বলছেন, এ মাসের শেষের দিকে শীত বাড়লে বাজার আরও চাঙা হয়ে উঠবে।