জেনেভা ক্যাম্পে বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে সংঘর্ষ
বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গত দুই দিনে আটকে পড়া পাকিস্তানিদের দুই পক্ষের মধ্যে সংষর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১১টার দিকে জেনেভা ক্যাম্পের বাসিন্দা বেচু মিয়া ক্যাম্পের ভেতরে মো. এরফানের বিরিয়ানির দোকানে বিদ্যুৎ-সংযোগের জন্য দুই হাজার টাকা দাবি করেন। তিনি এ টাকা দিতে অস্বীকার করায় বেচুর সমর্থকেরা এরফানের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। কিছুক্ষণ পর এরফানের সমর্থকেরা এর প্রতিবাদে রাস্তায় নামেন। এ সময় বেচু মিয়ার সমর্থকেরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে মোহাম্মদপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্তকারী মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে।এদিকে বুধবার রাতে সংঘর্ষের জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেলে বেচুর সমর্থকেরা আবার এরফানের সমর্থকদের ওপর হামলা চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়।জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, বৈধ সংযোগের অনুমোদন না থাকায় জেনেভা ক্যাম্পের কেউ কেউ অবৈধ বিদ্যুৎ-সংযোগ দিয়ে বাসাবাড়ি ও দোকানপাট থেকে টাকা আদায় করছেন। এ নিয়েই মূলত সংঘর্ষের সূত্রপাত হয়।ইমাম হোসেন বলেন, আটকে পড়া পাকিস্তানিদের সংগঠন এসপিজিআরসির নেতাদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিরসনে রাতে বৈঠকে বসবেন তিনি। তবে জেনেভা ক্যাম্পের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।