জেনেভা ক্যাম্পের বাসিন্দা এক তরুণ ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের বাসিন্দা পারভেজ আলম (১৭) ছুরিকাহত হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই তরুণের পরিবার জানায়, বাসায় ফেরার পথে এলাকার তিন-চারজন যুবক তাকে ছুরি মারে। তারা ৪০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। আহত পারভেজ জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে সে হুমায়ুন রোড এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় শাকিল ও শাহানশাহ নামের এলাকার দুই যুবক তার গতিরোধ করে। যুবকেরা তার হাত ও বুকে ছুরিকাঘাত করে। শাকিল ও শাহানশাহ জেনেভা ক্যাম্পের বাসিন্দা বলে সে জানায়। পারভেজের বাবা মো. শামীম মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি স্ত্রী-সন্তান নিয়ে মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকার জেনেভা ক্যাম্পে থাকেন। তাঁরা গরুর মাংস সরবরাহের ব্যবসা করেন। গতকাল রাতে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন জানান, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।