বেসরকারি আবাসন প্রকল্প ‘জেনোভ্যালি পিংক সিটি’র ভুক্তভোগী মালিক সমিতি প্রকল্পের মালিক-কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছে। সমিতির সদস্যরা বলেছেন, চুক্তি অনুযায়ী পুরো টাকা পরিশোধ করেও তাঁরা প্লট ও বাড়ি পাচ্ছেন না।গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তাঁরা বলেন, সম্পূর্ণ টাকা নেওয়ার পর মালিক-কর্তৃপক্ষ বলছে, প্লট দেওয়ার মতো কোনো জমি নেই। ব্যক্তিবিশেষে আরও ৩০ থেকে ৪০ লাখ টাকা দিলে তিন বছর পরে প্লট দেওয়ার কথা তারা চিন্তা করতে পারে।এ নিয়ে দেনদরবারের একপর্যায়ে মালিক-কর্তৃপক্ষ জানিয়েছে, যে টাকা তারা নিয়েছেন লভ্যাংশসহ তা ফেরত নিয়ে যেতে। কিন্তু টাকা দেওয়া হয়েছে প্লট ও বাড়ির জন্য, ফেরত নেওয়ার জন্য নয়।ভুক্তভোগী সমিতির সদস্যদের মধ্যে অধিকাংশই প্রবাসী। সমিতির আহ্বায়ক যুক্তরাষ্ট্র-প্রবাসী নূরজাহান শিকদার অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন। তিনি গত ৬ জুন পিংক সিটির কলাবাগান কার্যালয়ে গিয়ে মালিকের লেলিয়ে দেওয়া গুন্ডাদের আক্রমণের শিকার হওয়ার কথা জানান। ওই ঘটনায় তিনিসহ অনেকেই আহত হয়েছেন। কর্তৃপক্ষের বক্তব্য: ভুক্তভোগী মালিক সমিতির ওই মিট দ্য প্রেসের পরিপ্রেক্ষিতে জেনোভ্যালি কর্তৃপক্ষ গতকাল একটি ফ্যাক্সবার্তা পাঠিয়েছে প্রথম আলো কার্যালয়ে। এতে তাদের বিরুদ্ধে অভিযোগকারীদের ‘সুযোগ সন্ধানী, সাজানো ক্রেতা’ হিসেবে উল্লেখ করে তাদের সমুদয় অর্থ লভ্যাংশসহ ফেরত নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। বলা হয়, তারা অর্থ ফেরত না নিয়ে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।তবে অভিযোগকারীদের অভিযোগ কীভাবে মিথ্যা ও বানোয়াট তা ওই বার্তায় স্পষ্ট নয়।