জেন্ডার পরিস্থিতির প্রতিবেদন তৈরি করবে পিআইডি
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার জেন্ডার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করবে তথ্য অধিদপ্তর (পিআইডি)। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘পলিসি লিডারশিপ অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়ালিটি-প্লাজ-২’ প্রকল্পের আওতায় এ কাজ করা হবে। এ কাজে অর্থায়ন করবে সিডা।প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে গতকাল সোমবার অধিদপ্তরের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম এর উদ্বোধন করেন। তিনি বলেন, এসব প্রতিবেদনের মাধ্যমে নারী উন্নয়নে সরকারের পদক্ষেপগুলো জানা যাবে। তা ছাড়া আর কী করা উচিত, তাও নির্ধারণ করা যাবে। এ বছর সব মন্ত্রণালয়কেই ‘জেন্ডার রেসপনসিভ’ বাজেটের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের পক্ষে বক্তব্য দেন সিলভি ডুপি, জওশন আরা রহমান, এ টি সিদ্দিকী প্রমুখ। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ৬০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।