জেন্ডার বাজেট বরাদ্দের সঠিক ও ফলাফলভিত্তিক মূল্যায়ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেন্ডার বাজেটে নারী উন্নয়নে বরাদ্দ কতটুকু দিল, শুধু তা নিয়ে চিন্তা করলে হবে না। এ বরাদ্দ সঠিকভাবে নারীর উন্নয়নে ব্যবহার করা হলো কি না, বরাদ্দের ফলে নারীর উন্নয়ন কতটুকু হলো, তার ফলাফলভিত্তিক মূল্যায়ন করাও জরুরি।গতকাল রোববার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘জেন্ডার সংবেদনশীল বাজেট বাস্তবায়ন-পরিবীক্ষণ’ বিষয়ক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।সিরডাপ মিলনায়তনে এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রতিষ্ঠাতা সদস্য অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে বরাদ্দ একটি ইঙ্গিত মাত্র। মোট বাজেটের ৪০ শতাংশই অব্যবহূত থাকে। তাই বরাদ্দ কত, তার চেয়েও আগের বছরের বাজেটের বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে হবে। প্রকৃতপক্ষে অর্থ বরাদ্দ কতটুকু হয়েছে, তার ফলাফলভিত্তিক কার্যকারিতা মূল্যায়ন করতে হবে।সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। সভা পরিচালনা করেন পরিষদের আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। মূল প্রবন্ধ পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সায়মা হক। এ প্রবন্ধে জেন্ডার সংবেদনশীল বাজেট সস্পর্কে স্বচ্ছ ধারণার অভাব, উন্নয়ন নথিতে নারীকে বিত্তহীন, দুস্থ বা হতদরিদ্র হিসেবে চিহ্নিত করা, জেন্ডার বাজেট বিষয়টির সঙ্গে দেশের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সম্পৃক্ততার অভাব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বদানে সীমাবদ্ধতা, জাতীয় বাজেট প্রণয়নে নারীগোষ্ঠীর অংশগ্রহণের অভাব ইত্যাদিকে জেন্ডার বাজেট প্রণয়নে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘জেন্ডার বাজেট প্রতিবেদন যেভাবে তৈরি করা হচ্ছে, তা নিয়ে আমার দ্বিধাদ্বন্দ্ব আছে। এখানে নারীর জন্য বরাদ্দের শতাংশ, হার যেভাবে উল্লেখ করা হচ্ছে, তা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে গ্রহণ করলে বা খেলে হবে না। বলতে গেলে এটিকে লবণ দিয়ে মাখিয়ে খেতে হবে। বরাদ্দের ফলাফলভিত্তিক মূল্যায়নে গুরুত্ব দিতে হবে।’সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সেলিম রায়হান, এটিএন নিউজের সম্পাদক (আউটপুট) প্রণব সাহা এবং উন্মুক্ত আলোচনায় নারী কৃষক জাহানারা বেগম, প্রতিবন্ধী নারী নাজমা আরা বেগ প্রমুখ বক্তব্য দেন।