জেন্ডার সংবেদনশীল সমন্বিত গণমাধ্যম নীতিমালা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জেন্ডার সংবেদনশীল একটি সমন্বিত গণমাধ্যম নীতিমালা জরুরি হয়ে পড়েছে। এই নীতিমালা না থাকায় গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীলতা নেই।‘জেন্ডার সমতা আনয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় গতকাল বুধবার বক্তারা এ কথা বলেন। মহিলা অধিদপ্তর ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র যৌথভাবে বিয়াম মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের নারী সাংবাদিকেরা অংশ নেন।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী একটি জেন্ডার সংবেদনশীল নীতিমালা থাকা প্রয়োজন বলে মত দেন। তিনি বলেন, এ নীতি যত দিন না হচ্ছে তত দিন জাতীয় নারী উন্নয়ন নীতির কর্মপরিকল্পনায় গণমাধ্যম ও নারী অধ্যায়টি বাস্তবায়ন করা যেতে পারে।কর্মশালায় উপস্থাপিত মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন বলেন, জেন্ডার সংবেদনশীল সমন্বিত গণমাধ্যম নীতিমালা থাকলে গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীলতা বজায় রাখা সম্ভব হতো। কোনো প্রতিষ্ঠান নিয়ম না মানলে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।কাবেরী গায়েন আরও বলেন, গণমাধ্যমে নারীকে দেখা হয় মূলত সৌন্দর্য, যৌনসামগ্রী, অধস্তন ও দুর্বল অস্তিত্ব হিসেবে। তাই গত এক দশকে গণমাধ্যমে নারীর সংখ্যাগত অংশগ্রহণ বাড়লেও তার উপস্থাপন ও অংশগ্রহণের মূল প্রবণতাটি তেমন পাল্টায়নি। গণমাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ অনেক কম। নারীবিষয়ক সংবাদের সংখ্যা ও স্থান বরাদ্দও কম। কর্মশালায় সভাপতিত্ব করেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক। বিশেষ অতিথি ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন। পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা ও নারী সাংবাদিক কেন্দ্রের অর্থ সম্পাদক আক্তার জাহান মালিক আলোচনায় অংশ নেন।