জেন্ডার সংবেদনশীলতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ‘এশীয় অঞ্চল নারী পুলিশ সম্মেলন’ শেষে গৃহীত ঢাকা ঘোষণায় পুলিশিব্যবস্থায় জেন্ডার সংবেদনশীলতা ও নারীর ক্ষমতায়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারী পুলিশের অংশগ্রহণ নিশ্চিত করাসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়।গতকাল বিকেলে মিরপুরের পুলিশ স্টাফ কলেজ মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা ঘোষণা উপস্থাপন করেন বাংলাদেশ উইমেন্স পুলিশ নেটওয়ার্কের সভাপতি ও অতিরিক্ত উপমহাপরিদর্শক রৌশন আরা বেগম।ঢাকা ঘোষণায় নারী পুলিশের পেশাগত মানোন্নয়ন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নারী পুলিশের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করা, নারীকর্মীর ক্ষমতায়ন, নারীর বিরুদ্ধে সব সামাজিক অনাচার রোধ ইত্যাদি সুপারিশ তুলে ধরা হয়।প্রধান অতিথি পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, পুলিশিব্যবস্থায় নারী নেতৃত্বের উন্নয়নের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গেই দেখে। অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত মহাপরিদর্শক নাজমুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‘এশিয়ায় নারী পুলিশের নেতৃত্ব’ স্লোগান নিয়ে গত বুধবার রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন শুরু হয়। বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশসহ ১১টি দেশের মোট ৩৯ জন নারী পুলিশ সদস্য এতে অংশ নেন। এ ছাড়া দেশের সহকারী পুলিশ কমিশনার ও তদূর্ধ্ব ৭০ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।প্রসঙ্গত, সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো আন্তর্জাতিক নারী পুলিশ সংস্থার সদস্যদেশ। বিশ্বের ৫৫টি দেশের নারী পুলিশ সদস্যদের নিয়ে আন্তর্জাতিক নারী পুলিশ সংস্থা (আইএডব্লিউপি) গঠিত।শোভাযাত্রা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল সকাল সাড়ে আটটায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শুরু হয়ে এটি জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সম্মেলনে অংশ নেওয়া ১১টি দেশের প্রতিনিধিরাসহ পাঁচ শতাধিক নারী পুলিশ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।