
রাজধানীর আগারগাঁওয়ে তালতলা বাজারের সামনের সড়কের ওপর ফেলে রাখা হয়েছে ময়লা রাখার কনটেইনার। এই সড়কের একমাত্র জেব্রা ক্রসিংটির ওপর তৈরি করা হয়েছে সড়ক বিভাজক। সড়ক পারাপার ও যানবাহনে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর আগারগাঁও তালতলা বাজারের সামনের সড়কের ওপর ফেলে রাখা হয়েছে ময়লা রাখার কনটেইনার। ময়লা রাখার কনটেইনারগুলোর কাজে নিয়োজিত শ্রমিকেরা বলেন, ‘শেওড়াপাড়া, তালতলা বাজারের আশপাশের আবাসিক বাড়িগুলোর ময়লা-আবর্জনা ভ্যানগাড়িতে করে এখানে এনে জমা করা হয়। এরপর এখান থেকে অন্যত্র নেওয়া হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ কাজ।’ এ তালতলা বাজারের সামনেই রয়েছে বাসস্ট্যান্ড। এ বাসস্ট্যান্ড থেকে স্থানীয় লোকজনকে প্রতিদিন শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। বাজার এলাকা হওয়ায় এখানে প্রতিদিন আসা-যাওয়া করতে হয় এলাকাবাসীকে। মিরপুর থেকে আসা লোকজনকেও নামতে হয় মূল সড়কের ওপর। ফার্মগেট, গুলিস্তান এলাকায় যাতায়াতকারী লোকজনকে এখান থেকেই বাসে উঠতে হয়। এ সড়কের ওপর রয়েছে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, সাউথইস্ট ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যালয়। বিভিন্ন গন্তব্যের যানবাহনগুলোকে যাত্রী ওঠা-নামা করানোর জন্য থামতে হয় ময়লা রাখার কনটেইনারগুলোর পাশে।
এখান থেকে প্রতিদিন গুলিস্তান যেতে হয় আবদুর রহিমকে। তিনি বলেন, ‘গাড়ি না আসা পর্যন্ত এখানে দুর্গন্ধের মধ্যে বাসের জন্য অপেক্ষা করতে হয়। জেব্রা ক্রসিংয়ের মাঝখানে তৈরি করা হয়েছে সড়ক বিভাজক।’
সরেজমিনে দেখা যায়, তালতলা বাজারের সামনে সড়ক পারাপারের জন্য রয়েছে একটি জেব্রা ক্রসিং। কিন্তু মূল সড়কের ওপরে আছে সড়ক বিভাজক। পথচারীদের বিভাজক অতিক্রম করতে গিয়ে পোহাতে হয় দুর্ভোগ। এ সড়কটি দিয়ে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়।
মূল সড়কের ওপর রাখা হয়েছে ময়লার কনটেইনার। দুই পাশের ফুটপাতের ওপর বসানো হয়েছে ৩৬টি ছাপরা দোকান ও দুটি নার্সারি। ফুটপাতের ওপর বসানো হয়েছে ফলের দোকান, গ্যারেজ, চায়ের দোকান। নির্বাচন কমিশনের শাখা কার্যালয়ের সামনের সড়কে নষ্ট যানবাহন মেরামতের জন্য দাঁড় করিয়ে রাখতে দেখা যায়। পথচারীরা এ ফুটপাত একদমই ব্যবহার করতে পারেন না বলে অভিযোগ করেন। তাঁদের চলাচল করতে হয় মূল সড়কের ওপর দিয়ে।
এখান দিয়ে নিয়মিত চলাচলকারী শরিফ শেখ প্রথম আলোকে বলেন, ‘যদি এখানে সড়ক বিভাজক রাখতে হয়, তবে একটি ফুট ওভারব্রিজ করে দেওয়া হোক।’
এ সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এলাকার কাউন্সিলর ফোরকান হোসেন। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রতিটি ওয়ার্ডে ময়লা জমা করার জন্য স্টেশন বানানো হচ্ছে। এসব স্টেশন হলে সড়কে কোনো ময়লা থাকবে না। আগামী বছরের শুরুতেই এসব ময়লা সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে।