জেলহত্যার বিচার দাবি
জেলে ঢুকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে যারা হত্যা করেছিল তাদের বিচার দাবি করেছেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর নেতারা। সংগঠনের নেতারা বলেছেন, এই দিনে মুক্তিযোদ্ধাদের হত্যা করে জাতিকে বিভক্ত করা হয়েছে।
গতকাল রোববার রাজধানীর জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত জাতীয় চার নেতা হত্যার বিচারসহ কয়েকটি বিষয় নিয়ে এক আলোচনা সভায় এই দাবি জানান তাঁরা। সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ বলেন, ৩ নভেম্বর জেলে ঢুকে যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছিল তাদের বিচার হোক। পরবর্তী সময়ে যারা মঞ্জুরকে (সাবেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা) গুলি করে হত্যা করেছিল তারা রাজনীতির আশপাশে ঘোরাঘুরি করছে, তাদেরও বিচার হোক। অনুষ্ঠানে আরেক সাবেক সেনাপ্রধান ও ফোরামের সহসভাপতি এম হারুন অর রশিদ বলেন, ৭ নভেম্বর মুক্তিযোদ্ধাদের হত্যা করে জাতিকে বিভাজন করা হয়েছে। এ বিপ্লবের মাধ্যমে জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী ও মুসলিম লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল। ফোরামের মহাসচিব হারুন হাবীব বলেন, ৭ নভেম্বর বিষবৃক্ষ রোপণ করেছিল। ৭ নভেম্বরকে মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে বিবেচনা করলেই মঙ্গল হবে।