জোয়ারসাহারার সেই দুই ভাইয়ের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন
রাজধানীর ভাটারা থানার জোয়ার সাহারার একটি ঘর থেকে উদ্ধার হওয়া দুই সহোদর জাবেদ ও জামশেদের লাশ বেওয়ারিশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। স্বজন খুঁজে না পাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে লাশ দুটি গতকাল দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়।জোয়ার সাহারার মোল্লাপাড়ার টিনশেড বাড়ির একটি ঘর থেকে পুলিশ গত ২১ জুলাই বিকেলে জাবেদ (৫৫) ও তাঁর ছোট ভাই জামশেদের (৫০) লাশ উদ্ধার করে। জাবেদের লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং জামশেদের লাশ মেঝেতে পড়েছিল। জামশেদের গলায় শ্বাসরোধের চিহ্ন ছিল।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে জাবেদকে হত্যা করে জামশেদ আত্মহত্যা করেছেন। তিনি জানান, লাশ উদ্ধারের সময় জোয়ার সাহারার ওই ভাড়া বাসায় পাওয়া জাবেদ ও জামশেদের পাসপোর্টে ঠিকানা দেওয়া রয়েছে ৭৬ বড় মগবাজার। ওই ঠিকানায় গিয়ে তাঁদের কোনো স্বজন পাওয়া যায়নি। পাসপোর্টে তাঁদের মায়ের নাম মায়া হাজারিকা ও বাবার নাম সিরাজুল ইসলাম লেখা রয়েছে। মায়া হাজারিকা অভিনেত্রী ছিলেন এবং সিরাজুল ইসলাম ছিলেন পুলিশ কর্মকর্তা। তাঁরা দুজনেই মারা গেছেন। খোঁজ করে জামশেদ ও জাবেদের কোনো স্বজনকে পাওয়া যায়নি।মামলার তদন্তকারী সূত্র জানায়, জাবেদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। জামশেদ চাকরি করতেন বায়িং হাউসে, কিছুদিন আগে তিনি চাকরি ছেড়ে দেন। জাবেদের সাবেক কর্মস্থল ব্যাংক এশিয়ার কারওয়ান বাজার শাখায় গেলে জানানো হয়, তিনি ২০০৯ সাল পর্যন্ত ওই শাখায় শিক্ষানবিশ জেনারেটর অপারেটর হিসেবে কাজ করেন। তাঁর ঠিকানা তাদের কাছে নেই।জাবেদ ও জামশেদের প্রতিবেশীরা জানায়, ওই দুই ভাইয়ের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। ২১ জুলাই দুপুর পর্যন্ত তাঁদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে।