জ্বর-শ্বাসকষ্টে ডেন্টাল সার্জনের মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ রোববার সকালে ডেন্টাল সার্জন ফেরদৌস রহমান মারা গেছেন। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ এই চিকিৎসকের মৃত্যুর তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা বলেছেন, চিকিৎসক ফেরদৌস বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। গত দুদিন ধরে তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু স্বজনদের পীড়াপীড়ির পরও তিনি করোনাভাইরাসে শনাক্ত কিনা সে পরীক্ষা করতে রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত আজ রোববার তিনি পরীক্ষা করাবেন বলে পরিবারকে জানান। কিন্তু সকাল থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, ডেন্টাল সার্জন ফেরদৌস রহমানকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
মৃত্যুর পর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ফেরদৌস রহমানের নমুনা সংগ্রহ করেছে। এ খবর জানিয়েছেন ফেরদৌসের এক বন্ধু সৈয়দ আতিকুর রহমান।
আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ফেরদৌস রহমানের আজিমপুরে চেম্বার ছিল। করোনাভাইরাস বিস্তারের মধ্যেও তিনি কাজ করছিলেন। আশঙ্কা করা হচ্ছে, সেখান থেকেই সংক্রমিত হয়েছিলেন ফেরদৌস। উপসর্গ দেখা দেওয়ার পর তিনি নিজেই আইসোলেশনে ছিলেন। তাঁর স্ত্রীও চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আক্রান্ত:
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের একজন সহকারী রেজিস্ট্রার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ওই চিকিৎসকের স্বামী প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী হাসপাতালে সুরক্ষা পোশাক পরেই চিকিৎসা দিচ্ছিলেন, তারপরও আক্রান্ত হয়েছেন। তিনি আক্রান্ত হওয়ার পর অনেকেই শঙ্কিত হয়ে পড়েছেন।