জ্বালানি ও পরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদে গতকাল বুধবার বিভিন্ন সংগঠন বিক্ষোভ-সমাবেশ ও প্রতিবাদ জানিয়েছে। বিকেলে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল তোপখানা রোডের কার্যালয় থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সমাবেশে দলীয় নেতারা বলেন, ডিজেল ও সিএনজি গ্যাসের দাম বাড়ার অজুহাতে অস্বাভাবিকভাবে বাসের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে মানুষের জীবনযাত্রা আরও অসহনীয় হয়ে পড়েছে। ভাড়া বাড়ানোর প্রতিবাদে যাত্রীকল্যাণ সমিতির ব্যানারে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পরে সমাবেশে বক্তারা ভাড়ার নামে যাত্রীদের পকেট কাটা বন্ধের দাবি জানান। তাঁরা বলেন, ‘ডাইরেক্ট বা সিটিং’-এর নামে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। সমাবেশে বক্তৃতা করেন খাইরুল আমিন, মোজাম্মেল হক চৌধুরী, মনিরুল হক মনির প্রমুখ। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে সিএনজি ও বাসভাড়া বাড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।ঢাকা জেলা অটোরিকশা ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, বর্ধিত ভাড়ার মধ্যে বাস ও মিনিবাসের মালিকেরা ভাড়া পাবেন যথাক্রমে ৩৯ ভাগ ও ৩২ ভাগ হারে। আর অটোরিকশাচালকেরা পাবেন সাত ভাগ হারে। এ সংগঠন ৪ জুনের মধ্যে তাদের ১০ দফা দাবি আদায় না হলে ৫ জুন থেকে লাগাতার অটোরিকশা ধর্মঘটের ঘোষণা দিয়েছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সরকারের কাছে জ্বালানির দাম ও পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।