জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সমাবেশ
জ্বালানি তেল, বিদ্যুৎ ও সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে গণতান্ত্রিক ফ্রন্ট, ট্রাক-কাভার্ড ভ্যান, ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি ও ঢাকা জেলা ট্রাক মালিক সমিতি গতকাল রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছে।জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশে নেতারা বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে। সংগঠনের সহসভাপতি খলিলুর রহমান খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হুসাইন প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান, ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি গতকাল বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করেছে। সভায় নেতারা বলেন, এক বছরে চারবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সংগঠনের সভাপতি মুকবুল আহমেদ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সভায় উপস্থিত ছিলেন।ঢাকা জেলা ট্রাক মালিক সমিতি তাদের সভা করে কেন্দ্রীয় কার্যালয়ে। সমিতির সভাপতি ওসমান গণি ও সাধারণ সম্পাদক আরশ আলী এতে উপস্থিত ছিলেন।