জ্বালানি সমস্যা সমাধানে তরুণ প্রকৌশলীদের ভূমিকা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিদ্যুৎ ও জ্বালানি-সমস্যা সমাধানে তরুণ প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে গতকাল সোমবার শেষ হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫২তম কনভেনশন। তিন দিনব্যাপী এই কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রকৌশলীদের প্রতি ওই আহ্বান জানান।গতকাল আইইবি মিলনায়তেন এই সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার কনভেনশন উদ্বোধন করেছিলেন। কনভেনশনে বিদ্যুৎ ও জ্বালানি, জলবায়ু পরিবর্তন, পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে একটি সুপারিশ প্রণয়ন করা হয়েছে। শিগগিরই তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে আইইবির নেতারা জানিয়েছেন।সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর একক নির্ভরশীলতা কমিয়ে বহুমুখী জ্বালানি উৎসের দিকে নজর দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির জন্য উন্নত প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ করতে হবে।আর্থসামাজিক ও পরিবেশ উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা শীর্ষক সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক বলেন, আগে বিদ্যুতের জন্য জ্বালানি চাহিদার ৮৫ শতাংশ গ্যাস থেকে মেটানো হতো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। চলতি অর্থবছরে মোট উৎপাদিত বিদ্যুতের ৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে হতে হবে—এমন বিধান রাখা হয়েছে।দেশে প্রচুর শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) চলার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন খাতে বিদ্যুতের অপচয় যাতে কম হয়, সেজন্য প্রকৌশলীদের সচেতন করতে হবে। সমাপনী বক্তব্যে আইইবির সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, দেশে যে ৩৩ কোটি মেট্রিক টন কয়লা আছে, তা দিয়ে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আইইবির সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মেসবাহুর রহমান।