জ্যান্ত সাপ রেখে স্বর্ণালংকার নিয়ে ওঝা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওঝা ও কবিরাজ পরিচয় দিয়ে রাজধানীর মণিপুরীপাড়ার একটি বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক প্রতারক। যাওয়ার আগে রান্নাঘরের পাতিলে একটি জ্যান্ত সাপও রেখে যায় সে।গত ১৭ আগস্ট রাজধানীর তেজগাঁও থানার মণিপুরীপাড়ায় এ ঘটনা ঘটে। কিন্তু কবিরাজ ১১ দিন কাউকে এ বিষয় জানাতে নিষেধ করায় গৃহকর্ত্রী রোকেয়া আহমেদ ঘটনাটি কাউকে জানাননি। গতকাল শনিবার তেজগাঁও থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন।প্রতারক হারুন আর রশিদের বাড়ি মাদারীপুরের পুরাতন বাজার এলাকায় বলে জানান। ভিজিটিং কার্ডে হারুন কামরূপ, কামাখ্যা ও নাগাল্যান্ডে প্রশিক্ষণপ্রাপ্ত ওঝা এবং ডায়াবেটিক, হাঁপানিসহ নানা রোগের বিশেষজ্ঞ কবিরাজ বলে উল্লেখ রয়েছে।রোকেয়া আহমেদ জানান, ১৪ আগস্ট আগারগাঁওয়ে কর্মস্থলে কথিত ওঝার সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই দিনই প্রতারক তাঁর বাসায় আসে। তাঁকে জানান, এ বাসায় শনির দশা ও রাহুর গ্রাস আছে। এটা কাটাতে হলে স্বর্ণ লাগবে।প্রতারকের কথামতো রোকেয়া আহমেদ দুই ভরি ওজনের গলার হার ও কানের দুল প্রতারকের হাতে তুলে দেন। কিছুক্ষণ ঝাড়ফুঁক করে গয়নাগুলো ফেরত দেয় প্রতারক। এরপর ১৬ আগস্ট আবার সে বাসায় এসে কৃত্রিম আগুন সৃষ্টি করে দেখায়। ওই দিনও ঝাড়ফুঁক দিয়ে গয়নাগুলো ফেরত দেয়। তৃতীয় দিন বাসায় এসে একটি সাপ রান্নাঘরের পাতিলে রাখে। এরপর পাঁচ হাজার টাকা ও স্বর্ণালংকারগুলো নিয়ে চলে যায়। পরে লোকজন সাপটি মেরে ফেলে।