জ্যেষ্ঠতায় মেধাক্রম লঙ্ঘন, বঞ্চিত কর্মকর্তাদের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায় অধিদপ্তরে মেধাতালিকা লঙ্ঘন করে জ্যেষ্ঠতাক্রম নির্ধারণের অভিযোগ করেছেন কর্মকর্তারা। তাঁরা বলছেন, মেধাতালিকায় শীর্ষে থাকা কর্মকর্তাদের বদলে নিচের কর্মকর্তাদের জ্যেষ্ঠতায় এগিয়ে রেখে বারবার পদোন্নতি দেওয়া হচ্ছে। বিলুপ্ত আরডি-২ প্রকল্পের ৩০ কর্মকর্তার ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে।সমবায় অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ২ জুলাই সরকারি প্রজ্ঞাপনে ওই প্রকল্পের ৩০ জন সহকারী নিবন্ধকের চাকরি রাজস্ব খাতে নেওয়া হয়। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটি-১ ওই ৩০ জনের একটি মেধাক্রম তৈরি করে। ১৯৯৬ সালে সরকারি কর্মকমিশন ও রাষ্ট্রপতির সুপারিশে তাঁদের সহকারী নিবন্ধক বিসিএস (সমবায়) হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। ভিন্ন ভিন্ন সময় প্রজ্ঞাপন জারি করা হলেও ভবিষ্যতে সব পদোন্নতিতে মেধাক্রম অব্যাহত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ কারণে প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার পাশে মেধাক্রমও উল্লেখ করা হয়।কর্মকর্তাদের অভিযোগ, ২০০৬ সালে জোট সরকারের সময় সহকারী নিবন্ধক থেকে উপনিবন্ধক করার সময় ওই ৩০ জনের জ্যেষ্ঠতা ভঙ্গ করা হয়। একইভাবে প্রতিষ্ঠানের ১০৯ জন বিসিএস ক্যাডার কর্মকর্তার জ্যেষ্ঠতার যে তালিকা করা হয়েছে, সেখানেও তাঁদের জ্যেষ্ঠতা ভাঙা হয়েছে। তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ওই ব্যাচের মেধাতালিকার প্রথমে থাকা গাজী সুলতান মাহমুদের সমন্বিত অবস্থান ৬৮তম এবং ওই ব্যাচের মধ্যে ১৯তম। অথচ তাঁর ওই ব্যাচের মধ্যে প্রথম হিসেবে সমন্বিত মেধাতালিকার ৫০তম অবস্থানে থাকার কথা। একইভাবে মেধাতালিকায় তৃতীয় স্থানে থাকা আনিছুর রহমানের অবস্থান হয়ে গেছে ২০তম, ষষ্ঠ স্থানে থাকা ইয়াহিয়া খানের অবস্থান হয়ে গেছে ২৪তম। কুষ্টিয়ার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, ‘আমাদের প্রত্যেকের মেধাতালিকা থাকার পরও খসড়া একটি জ্যেষ্ঠ তালিকা করা হয়েছে। ফলে বারবার মেধাতালিকা উপেক্ষা করে পদোন্নতির ঘটনা ঘটেছে।’ গাজী সুলতান মাহমুদ হতাশ কণ্ঠে বলেন, ‘আমি কোথাও কোনো অভিযোগ দেওয়া ছেড়ে দিয়েছি। আমার এখন আর কিছু বলার নেই।’ সমবায় অধিদপ্তরের নিবন্ধক হুমায়ুন খালিদ প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন কর্মকর্তা আমাদের কাছে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন। আমরা তাঁদের আবেদন সারমর্মসহ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’