জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবি
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক নারায়ণ চন্দ্র দত্তের প্রকৃত হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল শনিবার দুপুরে ইনস্টিটিউটের মিলনায়তনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত এক শোকসভায় এ দাবি জানানো হয়। বিএমএর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় মহাখালী সাততলা বস্তি উচ্ছেদ, সাত দিনের মধ্যে বক্ষব্যাধি ইনস্টিটিউটে পুলিশ ফাঁড়ি স্থাপন ও বিএমডিসির পূর্ব অনুমতি ছাড়া কর্তব্যে অবহেলা বা ভুল চিকিৎসার অজুহাতে কোনো চিকিৎসককে গ্রেপ্তার না করার দাবিও জানানো হয়। সভায় ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সব মেডিকেল কলেজ ও বিএমএ শাখায় মাসব্যাপী প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করা হয়।সভায় চিকিৎসক নারায়ণের স্মৃতিচারণা করে বিএমএর মহাসচিব শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান, বিএমএর যুগ্ম মহাসচিব এম এ আজিজ প্রমুখ বক্তব্য দেন।গত ২২ আগস্ট রাতে বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকদের আবাসিক ভবনের নিজ বাসায় খুন হন নারায়ণ চন্দ্র। পরদিন ভোরে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। শুরু থেকেই পুলিশের ধারণা, চুরি-ডাকাতিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাঁকে খুন করেছে। তবে নিহতের স্বজন ও সহকর্মী চিকিৎসকদের অভিযোগ, নারায়ণকে পরিকল্পিত-ভাবে হত্যা করা হয়েছে।এরই মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে। এরপর র্যাব ঘটনার পরিকল্পনা ও হত্যায় প্রত্যক্ষ অংশগ্রহণকারী অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকিরা রিমান্ডে আছেন। উভয় সংস্থার পক্ষ থেকে এ ঘটনাকে প্রাথমিকভাবে চুরির পরিকল্পনা ও চুরিতে বাধা দেওয়ায় খুন বলে মনে করা হচ্ছে।