জড়িতদের বিচার দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলের ছাত্র নির্যাতনের ঘটনা স্মরণে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালিত হয়েছে। ওই সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন স্মরণে কয়েক বছর ধরে ২৩ আগস্ট কালো দিবস পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্প স্থাপনকারী সেনাসদস্যদের সঙ্গে ছাত্রদের বিতণ্ডার জের ধরে উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে ২০ থেকে ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় পুলিশ। ২৩ আগস্ট গ্রেপ্তার করা হয় অধ্যাপক আনোয়ার হোসেন ও হারুন-অর-রশিদসহ কয়েকজন শিক্ষককে। গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত সব ক্লাস স্থগিত রাখা হয়। বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।সভায় উপাচার্য ২০ থেকে ২৩ আগস্ট সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘এ ঘটনার পেছনে কারা জড়িত ছিল, তা জাতিকে জানাতে হবে। সেসব অপরাধীর বিচার করতে হবে। তাহলে এ ধরনের কাজ ভবিষ্যতে আর কেউ করার সাহস পাবে না।’সভায় সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মীজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, আখতারুজ্জামান, কে এম সাইফুল ইসলাম খান, কারাগারে নির্যাতিত ছাত্র জাহেদুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকে বিভিন্ন স্থানে অবস্থান নেয় সেনারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রেও ক্যাম্প করে তারা। ২০ আগস্ট বিকেলে পাশের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা চলার সময় জিমনেসিয়ামে অবস্থানরত কয়েকজন সেনাসদস্যের সঙ্গে বাগিবতণ্ডা হয় কয়েক ছাত্রের। একপর্যায়ে সেনারা ছাত্র-শিক্ষকদের ওপর চড়াও হয়। লাঞ্ছিত হন একজন অধ্যাপক। এ ঘটনার রেশ ধরে ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। দাবি ওঠে ক্যাম্পাস থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের। বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ বলপ্রয়োগের পথ ধরে। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। জারি করা হয় সান্ধ্য আইন। পথে পথে ছাত্র নির্যাতনের ঘটনা ঘটে। ছাত্রবিক্ষোভ দেশের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়েছিল। প্রতিবাদের মুখে ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম থেকে সেনা ক্যাম্পটি সরিয়ে নিতে বাধ্য হয় সরকার।বিক্ষোভ-সহিংসতার জেরে সারা দেশে ৮৩ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তবে ছাত্র-শিক্ষকদের সম্মিলিত আন্দোলনের কাছে হার মেনে সেনাসমর্থিত সরকার ছাত্র-শিক্ষকদের মুক্তি দেয়।