রাসায়নিক পদার্থ ব্যবহার করে ফল পাকানোয় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রাজধানীর ফলের আড়তগুলো পর্যবেক্ষণ, খোলাবাজারে রাসায়নিক পদার্থ মেশানো আম বিক্রি বন্ধ এবং প্রতিদিন আড়তের ফল পরীক্ষা করতে বিএসটিআই ও র্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে রুল জারিসহ ফলে রাসায়নিক পদার্থের ব্যবহার বন্ধে পাঁচ দফা নির্দেশনা দেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গতকাল আইনজীবী মনজিল মোরশেদ রিটটি দায়ের করেন। ফলে রাসায়নিক পদার্থ মেশানো বন্ধে তিন মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করে এ বিষয়ে সুপারিশ প্রণয়ন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বাণিজ্য, খাদ্য ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন আদালত। বাণিজ্যিক আমবাগানগুলোতে পুলিশ মোতায়েন করে আমে রাসায়নিক পদার্থ মেশানো বন্ধ করার জন্য রাজশাহীর ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।