সাভারে ভবনধসের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবিতে গতকাল মঙ্গলবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট। তবে এইচএসসি পরীক্ষা এর আওতামুক্ত ছিল।বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ও প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক আবদুর রউফ প্রথম আলোকে বলেন, সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে সাড়া দিয়েছেন। প্রকৌশল, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস কিংবা পরীক্ষা হয়নি। শিক্ষকদের একাংশও ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে ক্লাস-পরীক্ষা নেননি।সকাল ছয়টার দিকে ধর্মঘট আহ্বানকারী সংগঠনগুলোর নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে গিয়ে বিপাকে পড়েন।ধর্মঘটের সমর্থনে কলা ভবনের প্রধান ফটকে সমাবেশ করা হয়। সমাবেশে সাভার ভবনধসের জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবি পেশ করেন বক্তারা। তাঁরা বলেন, যে শ্রমিকেরা নিজেদের শ্রমে-ঘামে সভ্যতা নির্মাণ করেন, তাঁদের জীবনের কোনো মূল্য নেই। কর্মস্থলে তাঁদের কোনো নিরাপত্তা নেই।সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক হিল্লোল রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি পিনাক রায়, ছাত্র ফ্রন্টের সভাপতি রাশেদ শাহরিয়ার, ছাত্র ফেডারেশনের সভাপতি সামিয়া রহমান প্রমুখ।বেলা ১২টার দিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ধর্মঘটের সমর্থনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বিভিন্ন ফটকে তালা লাগিয়ে দেন তাঁরা।প্রগতিশীল ছাত্রজোটের দাবিগুলো হলো—রানা প্লাজার মালিক এবং ওই ভবনের পোশাক কারখানাগুলোর মালিকদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; হতাহত শ্রমিকদের প্রকৃত তালিকা প্রকাশ; নিহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা; কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন।