ঝক্কি থাকলেও ট্রেনে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপনে বাড়ির দিকে যাত্রা। ছবি: সাজিদ হোসেন।
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপনে বাড়ির দিকে যাত্রা। ছবি: সাজিদ হোসেন।

ঈদের ছুটি রোববার থেকে শুরু হলেও আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত আজ শুক্রবার থেকে এই ছুটি। টানা পাঁচ দিনের ছুটি পেয়ে ঈদে ঘরমুখী মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলস্টেশনে। যাত্রীদের ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, ছাদে ওঠার লড়াই—চিরচেনা ঈদযাত্রার দৃশ্য। সকাল থেকে কয়েকটি রেলপথের ট্রেন ছাড়া বেশির ভাগ ট্রেনই সময়মতো স্টেশন ছেড়ে গেছে।

ঈদযাত্রায় এই ঝক্কির মধ্যেও যাত্রীদের উচ্ছ্বাসের কমতি নেই। মহাসড়কের মতো যানজটের আশঙ্কা নেই বলে অনেক একধরনের স্বস্তির কথা জানান। যিনি ট্রেনে উঠতে পারছেন, তাঁর মুখের হাসি যেন বলে দিচ্ছিল যুদ্ধজয়ের কথা। যাত্রীদের মধ্যে যাঁরা অগ্রিম টিকিট কাটেননি বা টিকিট কাটতে পারেননি, তাঁরা অনেকে দাঁড়িয়ে যাওয়ার টিকিট কেটেছেন। আবার অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন। সকাল থেকে স্টেশন ছেড়ে যাওয়া প্রায় সব পথের ট্রেনের ছাদেই লোক উঠতে দেখা গেছে। পুরুষের পাশাপাশি নারী ও শিশুদেরও ছাদে উঠতে দেখা যায়।

যেভাবেই হোক, বাড়ি যেতে হবে। তাই যে যেভাবে পারছে, ট্রেনে চাপছে। ছবিটি আজ শুক্রবার বিমানবন্দর রেলস্টেশন থেকে সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন।
যেভাবেই হোক, বাড়ি যেতে হবে। তাই যে যেভাবে পারছে, ট্রেনে চাপছে। ছবিটি আজ শুক্রবার বিমানবন্দর রেলস্টেশন থেকে সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন।

সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে ১৩টি ট্রেন বিভিন্ন পথে ছেড়ে গিয়েছে। এর মধ্যে চিলাহাটিগামী নীলসাগর ট্রেনটি স্টেশন ছেড়ে যেতে ২০ মিনিট দেরি করে। বাকি পথের ট্রেনগুলোর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতী এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী এক্সপ্রেস ১০-১৫ মিনিট পর স্টেশন ছেড়ে চলে যায়। রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও বেলা ১১টা পর্যন্ত তা প্ল্যাটফর্মেই ছিল।

দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেনের ছাদে পুরুষদের পাশাপাশি কয়েকজন নারী ও শিশুকে দেখা যায়। দিনমজুর মো. মাসুমও ছাদে চেপেছেন তাঁর সঙ্গে থাকা ছয় বন্ধুর সঙ্গে। মাসুম প্রথম আলোকে বলেন, ‘টিকিট কাটছি, কিন্তু ভিতরে দাঁড়ায় যাওন লাগব। ভিতরে তো গেদাগেদি আর গরোম। তাই ছাদে উঠছি। বাড়ি তো যাবাম।’

রংপুর এক্সপ্রেস ছাড়তে দেরি করায় এর কোচগুলোতে অনেক মানুষে গাদাগাদি করে ওঠে। এ ছাড়াও ট্রেনটির ছাদেও কয়েক শ লোক উঠে পড়ে। চাকরিজীবী রায়হান শরীফ বগুড়া যাবেন। বসার টিকিট না পেয়ে দাঁড়িয়েই যাবেন পুরোটা পথ। বললেন, ‘কষ্ট তো হবেই। দাঁড়িয়ে যেতে হবে, কী আর করা? আবার ট্রেনটাও সময়মতো ছাড়ছে না। সব কষ্ট ভুলে যাব, বাড়ি যেয়ে সবাইকে পেয়ে। ঈদের ঝক্কি আর আনন্দ তো এখানেই।’

নাম প্রকাশ না করার শর্তে রেলের এক কর্মকর্তা বলেন, ‘কী আর করব—বলেন। বাড়ি তো সবাই যেতে চায়। কাউকে তো আর মেরেধরে নামানো যায় না। আর এই মানুষগুলো ছাদে উঠতে গিয়ে ট্রেনের ভ্যাকুয়াম পাইপের চাবিতে পা রাখে। ফলে ট্রেনের সমস্যা হয় আর যাত্রা শুরু করতেও দেরি হয়।’

টিকিট ছাড়া লোকজন চেপে বসেছেন ট্রেনের ছাদে। অনেকে টিকিট থাকার পরও বগির ভেতরের গরম এড়াতে চড়ে বসেন ছাদে। ছবি: সাজিদ হোসেন।
টিকিট ছাড়া লোকজন চেপে বসেছেন ট্রেনের ছাদে। অনেকে টিকিট থাকার পরও বগির ভেতরের গরম এড়াতে চড়ে বসেন ছাদে। ছবি: সাজিদ হোসেন।

ঈদযাত্রায় ট্রেনে অন্যান্য পথের মতো অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বলে স্বস্তি প্রকাশ করেছে ট্রেনযাত্রীরা। দিনাজপুরের একতা এক্সপ্রেস ছাড়ার কথা ১০টায়। যানজটের কথা ভেবে সাড়ে আটটায় পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে স্টেশনে চলে আসেন আবদুস সামাদ। বললেন, ‘শুক্রবার রাস্তায় যানজট কম—তা জানি। তবে বুধবার কিছু ট্রেন দেরি করে ছেড়েছে বলে শুনেছি। তাই আগে আগে আসা, ঈদ আনন্দ বলে কথা।’ একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ের সাত মিনিট পরেই স্টেশন ছেড়ে যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বলেন, ‘সকাল থেকে সব ট্রেনই নির্ধারিত সময়ে যাচ্ছে। আজকে যাত্রী চাপ আছে। যাত্রীরা স্বস্তিতেই যাচ্ছে। পরবর্তী ট্রেনগুলো যেন নির্ধারিত সময়ে ছাড়ে সে চেষ্টা আমরা করছি।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে কমলাপুর স্টেশনের স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থা তিন ঘণ্টার জন্য বিকল হয়। ফলে বুধবারও ট্রেনে সময় বিপর্যয় ছিল। গতকাল বৃহস্পতিবার সেই সময় বিপর্যয় কাটিয়ে ওঠে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল সব পথের ট্রেনই স্টেশন থেকে সময়মতো ছেড়ে যায়।