ঝগড়ার জের ধরে গলাটিপে হত্যা
ঝগড়াঝাঁটির জের ধরে বাড্ডার মেরুলের বাসিন্দা শেখ ফরিদ তাঁর স্ত্রী মারুফা সিদ্দিকীকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানায়, গত শনিবার গ্রেপ্তার হওয়া ফরিদকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আজ সোমবার আদালতে রিমান্ডের শুনানির দিন ধার্য রয়েছে।বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান জানান, শেখ ফরিদ রাসায়নিক সামগ্রীর ব্যবসায়ী। তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, ব্যবসায়িক কাজে দুই দিন তিনি বাসার বাইরে ছিলেন। গত শুক্রবার রাতে বাসায় ফিরলে স্ত্রী মারুফার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি গলা টিপে ধরলে মারুফা মারা যান। হত্যাকাণ্ডের ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে ভোর চারটার দিকে তিনি মশারিতে আগুন ধরিয়ে দেন। এতে মশারি পুড়ে মারুফার দুই পায়ের কিছু অংশ পুড়ে গেছে।গত শনিবার মারুফার ভাই আল আমিন শেখ ফরিদ, ফরিদের মা ও বোনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।