ঝিনাইদহে অপহৃত কলেজছাত্রী মানিকগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

ঝিনাইদহে অপহরণের দুই দিন পর কলেজছাত্রীকে আজ সোমবার ভোরে মানিকগঞ্জ সদর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার তিনজন হলেন আবু জার গিফারী গাফফার, সাব্বির হোসেন ও হাফিজুর রহমান। তাঁদের মধ্যে গাফফার অপহরণের মূল পরিকল্পনাকারী। তাঁদের কাছ থেকে এক কৌটা অ্যাসিডসদৃশ বস্তু ও দেশীয় ধারালো তিনটি অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে র‍্যাব।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত শনিবার বিকেলে ভুক্তভোগী কলেজছাত্রী ও তাঁর এক সহপাঠী প্রাইভেট শেষে রিকশায় করে বাসায় ফিরছিলেন। এ সময় গাফফার সহযোগীদের নিয়ে রাস্তা থেকে তাঁকে অপহরণ করেন। গাফফার আগে থেকেই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, অপহরণের পর কলেজছাত্রীকে প্রথমে রাজবাড়ীতে গাফফার তাঁর এক নিকটাত্মীয়ের বাসায় নিয়ে যান। সেখান থেকে ঢাকা হয়ে চলে যান সিলেটে। সিলেট থেকে ফরিদপুর যাওয়ার পথে দুই সহযোগীসহ গাফফারকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহে খোঁজ নিয়ে জানা গেছে, আবু জার গিফারী গাফফার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে লেখাপড়া করেছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বলেন, গাফফারের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর সঙ্গে কখনোই কথা হয়নি। তবে গাফফার ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করেছেন। গাফফারের ভয়ে ওই ছাত্রীর পরিবার বাসাও পরিবর্তন করেছে। ছাত্রীর মা-বাবাকে বিভিন্ন সময় ভয় দেখিয়েছেন গাফফার। যখন গাফফার বুঝতে পারেন, ভয় দেখিয়ে লাভ হবে না, তখন অপহরণের পরিকল্পনা করেন। অপহরণের সময় ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ভয়ও দেখানো হয়।

খন্দকার আল মঈন বলেন, আবু জার গিফারী গাফফার এলাকায় প্রভাবশালী। ওই ছাত্রীর পরিবার ভয়ে কখনো অভিযোগ করেনি। এমনকি অপহরণের পর ছাত্রীর বাবাকে মামলা না করার জন্য হুমকি দিয়েছেন গাফফার। মামলা করার পর সেটি তুলে নিতে হুমকি দিয়েছেন। এগুলো এলাকাবাসী জানতেন। এমনকি ৭-৮ জন এলাকাবাসীর সামনে থেকেই ওই ছাত্রীর মুখ চেপে ধরে অপহরণ করা হয়েছে। তাঁরা কোনো প্রতিবাদ করেননি। অথচ অপহরণকারীদের তাঁরা চিনতেন। এ ধরনের অপরাধ দমনে সবাইকে সোচ্চার হতে হবে। সেখানে যাঁরা ছিলেন, তাঁদের প্রতিবাদ করা উচিত ছিল, ভুক্তভোগীর পাশে দাঁড়ানো উচিত ছিল।