ঝিলমিল আবাসন প্রকল্পে লটারিতে ৫২০টি প্লট বরাদ্দ
ঝিলমিল আবাসন প্রকল্পে লটারির মাধ্যমে নয়টি শ্রেণীতে ৫২০টি প্লট বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে লটারি হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল লটারিতে সহায়তা করে।অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, রাজউক নতুন করে আর প্লট বরাদ্দ দেবে না। এর পর থেকে বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বরাদ্দ করবে।প্রকল্পে প্লট এক হাজার ২০০টি। এর মধ্যে ১০ শতাংশ সংরক্ষিত রাখা হয়েছে। মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদ এবং বিচারপতি শ্রেণীতে আবেদনকারী সবাইকে প্লট দেওয়া হবে। আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ ও সাংবাদিক—এ পাঁচটি পেশাজীবী শ্রেণীতে ১০ দিনের মধ্যে প্লট বরাদ্দ দেওয়া হবে।লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা সাংবাদিকদের জানান, লটারির ফলাফল রাজউকের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। চারটি দৈনিকেও প্রকাশ করা হবে।বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ও দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঝিলমিল প্রকল্প এলাকা। প্রকল্পে প্লট পেতে ৩৫ হাজার আবেদনপত্র জমা পড়ে। কোন শ্রেণীতে কতজন: বৈদেশিক মুদ্রা অর্জনকারী তিন কাঠার ৭৮ জন ও পাঁচ কাঠার ২২ জন প্লট পেয়েছেন। ব্যবসায়ী ও শিল্পপতিদের মধ্যে ১০ লাখ টাকার ঊর্ধ্বে আয়কর প্রদানকারী তিন কাঠার ৬৫ জন ও পাঁচ কাঠার ১৬ জন প্লট পেয়েছেন। ১০ লাখ টাকার নিচে আয়কর প্রদানকারী তিন কাঠার ৩৮ জন ও পাঁচ কাঠার প্লট পেয়েছেন ১২ জন। এ ছাড়া বেসরকারি চাকরিজীবী শ্রেণীতে তিন কাঠার প্লট ৭৮ জন ও পাঁচ কাঠার ২২ জন, বেসরকারি শিক্ষক শ্রেণীতে তিন কাঠার ১৬ জন ও পাঁচ কাঠার প্লট পেয়েছেন চারজন, অন্যান্য পেশাজীবী শ্রেণীতে তিন কাঠার ১৬ জন ও পাঁচ কাঠার প্লট চারজন, শিল্পী-সাহিত্যিক ও ক্রীড়াব্যক্তিত্ব তিন কাঠার ১৬ জন ও পাঁচ কাঠার প্লট পেয়েছেন চারজন। মুক্তিযোদ্ধা কোটায় চারটি শ্রেণীতে তিন কাঠার ৩২টি ও পাঁচ কাঠার ১০টি প্লট দেওয়া হয়েছে। স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিজীবী কর্মকর্তা শ্রেণীতে তিন কাঠার ৩০টি ও পাঁচ কাঠার ১০টি, সরকারি চাকরিজীবী শ্রেণীতে তিন কাঠার ৩৯টি ও পাঁচ কাঠার ১১টি প্লট দেওয়া হবে।