ঝিলমিল প্রকল্পে আবেদন করছেন অন্য প্রকল্পে বরাদ্দপ্রাপ্তরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজউক এলাকায় একবার যাঁরা সরকারি প্লট বা ফ্ল্যাটের বরাদ্দ পেয়েছেন, বিধি অনুযায়ী আর কোনো প্রকল্পে তাঁরা বরাদ্দের আবেদন করতে পারেন না। কিন্তু ঝিলমিল আবাসিক প্রকল্পে এমন অনেকে আবেদন করছেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অতীতে যাঁরা রাজউকের উত্তরা প্রথম থেকে তৃতীয় পর্যায়ের প্রকল্পে এবং পূর্বাচল প্রকল্পে প্লট এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্লট বা ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন, তাঁদের অনেকেই ঝিলমিল প্রকল্পেও আবেদন করছেন। এ ক্ষেত্রে কেউ কেউ আবেদনপত্র সংগ্রহ করে বেনামে বা আত্মীয়স্বজনের নামে আবেদন করছেন। অনেকে মিথ্যা হলফনামা দিচ্ছেন। এসব কাজে রাজউকেরই একশ্রেণীর কর্মচারী ও বহিরাগত দালাল সহায়তা করছেন।রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, সরকারি প্লট বরাদ্দ নিয়ে বিক্রি করে দেওয়ার লোভেও অনেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন। এ ধরনের লোকদের কারণে যাঁদের একেবারেই প্লট বা ফ্ল্যাট নেই, তাঁরা বঞ্চিত হতে পারেন। ঝিলমিল প্রকল্পে মাত্র এক হাজার ২০০ প্লট দেওয়া হবে। এর মধ্যে পাঁচ কাঠার প্লট হবে সর্বোচ্চ ৪০০। বাকিগুলো তিন ও আড়াই কাঠার। তবে আড়াই কাঠার জন্য শুধু ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, কেউ মিথ্যা হলফনামা দিয়েছেন বলে প্রমাণিত হলে তাঁর জামানত বাজেয়াপ্ত হওয়া ছাড়াও জেল-জরিমানা পর্যন্ত হতে পারে। বিষয়টি ঝিলমিল প্রকল্পের প্রসপেক্টাসেও উল্লেখ করা হয়েছে। রাজউকের চেয়ারম্যান বলেন, প্রাথমিক বাছাইয়ের সময় বিপুলসংখ্যক আবেদনকারীর মধ্য থেকে এ ধরনের ব্যক্তি খোঁজা সম্ভব না-ও হতে পারে। কিন্তু প্লট বরাদ্দের পর মিথ্যা হলফনামা যাঁরা দিয়েছেন, তাঁদের খুঁজে বের করা কঠিন হবে না। তাঁদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অতীতে যাঁরা পূর্বাচল ও উত্তরা—উভয় প্রকল্পে প্লট পেয়েছেন, তাঁদের শনাক্ত করে যেকোনো একটি প্লট বাতিলের চিঠি দেওয়ার কাজ শুরু করা হয়েছে। এই উদ্যোগ নেওয়ার পর কেউ কেউ তদবির করছেন, একটি প্লট তাঁদের নিজস্ব কারও নামে বরাদ্দ করার জন্য। কিন্তু তা সম্ভব নয় বলে রাজউক সূত্র জানায়। ঝিলমিল আবাসিক প্রকল্পে গত ২৫ আগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত থাকলেও এক মাস সময় বাড়ানোর পর ঈদের ছুটিসহ বিভিন্ন কারণে জমা দেওয়ার হার কমে এসেছে। বাকি দিনগুলোতে আবেদনপত্র বিক্রি ও জমা দেওয়ার হিড়িক পড়বে বলে মনে করছেন রাজউকের কর্মকর্তারা। রাজউকের পরিচালক (এস্টেট) এবং ঝিলমিল প্রকল্পের পরিচালক খিজির আহমেদ বলেন, দু-এক দিনের মধ্যে প্রকৃত আবেদনকারীর সংখ্যা জানা যেতে পারে। তবে আবেদনপত্র বিক্রি বা জমা দেওয়ার তারিখ ২৫ সেপ্টেম্বরের পর আর বাড়ানো হবে না। প্রাথমিকভাবে আবেদনপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরির বয়স, অভিজ্ঞতা এবং বেতনের বিষয়টি গুরুত্ব পাবে। সংবাদপত্র বা ইলেকট্রনিক মাধ্যমে যাঁরা সরাসরি সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাঁরা ছাড়া অন্যদের আবেদন বাদ দেওয়া হবে। তবে তাঁরা বেসরকারি চাকরিজীবী শ্রেণীতে আবেদন করতে পারবেন।