ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন ১ জুন থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আড়াই, তিন ও পাঁচ কাঠা আয়তনের কমবেশি এক হাজার ২০০টি প্লট দেওয়া হবে। প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হিসেবে কেবল আড়াই কাঠা আয়তনের প্লটের জন্য আবেদন করতে পারবেন। পয়লা জুন থেকে এ আবেদনপত্র পাওয়া যাবে। জমা দেওয়ার শেষ তারিখ ২৫ আগস্ট।বাংলাদেশি আবেদনকারীদের আড়াই কাঠা প্লটের জন্য এক লাখ টাকা, তিন কাঠা প্লটের জন্য দেড় লাখ এবং পাঁচ কাঠার জন্য আড়াই লাখ টাকা জমা দিতে হবে। অন্যদিকে বিদেশি আবেদনকারীদের আড়াই কাঠা প্লটের জন্য এক হাজার ৪০০ ডলার, তিন কাঠার জন্য দুই হাজার ১০০ ডলার এবং পাঁচ কাঠার জন্য তিন হাজার ৫০০ ডলার জমা দিতে হবে।বর্তমানে রাজউক বা অন্য কোনো সরকারি/আধাসরকারি সংস্থা কর্তৃক আবেদনকারী বা আবেদনকারীর স্বামী বা স্ত্রী, পরিবার, পোষ্য বা পোষ্যদের নামে কোনো জমি, বাড়ি বা ফ্ল্যাট, প্লট বরাদ্দ বা লিজ দেওয়া হলে তিনি এ প্রকল্পে প্লটের বরাদ্দ পাওয়ার যোগ্য হবেন না। আবেদনকারীর বয়স ২০১১ সালের পয়লা জুন পর্যন্ত ন্যূনতম ২৫ বছর হতে হবে। রাজউকের ওয়েবসাইট (www.rajukdhaka.gov.bd) থেকে আবেদনপত্রের ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে।নীতিমালা অনুযায়ী ২০টি শ্রেণী ও উপশ্রেণীতে প্লট বরাদ্দ দেওয়া হবে। এঁদের মধ্যে রয়েছেন মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদ, মুক্তিযোদ্ধা, সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী-শিল্পপতি, বৈদেশিক মুদ্রা অর্জনকারী, সাংবাদিক (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), কৃষিবিদ, প্রকৌশলী ও স্থপতি, চিকিৎসক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, আইনজীবীসহ বিবিধ। এ ছাড়া ১০ শতাংশ সংরক্ষিত কোটা রাখা হবে।