ঝিলমিল প্রকল্পে লটারি ও উত্তরায় ফ্ল্যাটের জন্য আবেদন এ মাসেই
ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঝিলমিল আবাসন প্রকল্পে আবেদনকারীদের মধ্যে প্লট বরাদ্দের জন্য লটারি করবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা লটারির কাজে সহায়তা করবেন। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দের জন্য ফেব্রুয়ারি মাসের মধ্যেই লটারির কাজ শেষ করা হবে। এ ছাড়া, এ মাসের শেষের দিকে উত্তরা ফ্ল্যাট প্রকল্পের জন্য আবেদনপত্র চাওয়া হবে। সূত্র জানায়, ঝিলমিল আবাসিক প্রকল্পে গত বছরের জুন থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়। এখানে পাঁচ, তিন ও আড়াই কাঠার প্লট দেওয়া হচ্ছে। প্রায় ২৮ হাজার আবেদনপত্র যাচাই-বাছাই করা হয়। পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বুড়িগঙ্গা) থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঝিলমিল প্রকল্প এলাকা। রাজউক সূত্র জানায়, প্রকল্পে ২০টি শ্রেণী ও উপশ্রেণীতে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদ ও বিচারপতিদের জন্য লটারি হবে না। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরির বয়স, অভিজ্ঞতা, বেতন স্কেলের ভিত্তিতে প্লট বরাদ্দ দেওয়া হবে। লটারি হবে সাধারণ মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী-শিল্পপতি, বৈদেশিক মুদ্রা অর্জনকারী, কৃষিবিদ, প্রকৌশলী ও স্থপতি, চিকিৎসক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, আইনজীবী ও বিবিধ ক্ষেত্রে। এ ছাড়া ১০ শতাংশ সংরক্ষিত কোটা রাখা হবে।রাজউকের চেয়ারম্যান বলেন, খেতাবপ্রাপ্ত বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার, মন্ত্রী-সাংসদ, বিচারপতি, স্পিকার বা ডেপুটি স্পিকারের জন্য ঝিলমিল প্রকল্পে লটারি হবে না। তবে মন্ত্রী-সাংসদদের বেশির ভাগই রাজউকের অন্য প্রকল্পে প্লট পেয়েছেন বলে এবার এসব শ্রেণীতে আবেদনকারীর সংখ্যা কম। উত্তরায় ফ্ল্যাট: উত্তরা তৃতীয় পর্বের ১৮ নম্বর সেক্টর এলাকায় রাজউকের ফ্ল্যাট প্রকল্পে ২০ হাজার ১৬০টি প্লট দেওয়া হবে। চলতি মাসে আবেদনপত্র চাওয়া হবে ‘এ’ ব্লকে পাঁচ হাজার ৫৬টি ফ্ল্যাটের জন্য। পুরো প্রকল্পে ৭৯টি ১৬ তলার ভবন নির্মিত হবে। ফ্ল্যাট নির্মাণে মালয়েশিয়ার একটি দল সহায়তা করবে। স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য রাজউকের এই ফ্ল্যাট প্রকল্পে তিন ধরনের আয়তনের ফ্ল্যাট থাকবে। রাজউকের চেয়ারম্যান বলেন, প্রতি বর্গফুটের দাম তিন হাজার ৫০০ টাকা রাখার বিষয় বিবেচনায় আছে। রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, মূল দামের সঙ্গে যুক্ত হতে পারে পানি-বিদ্যুৎ-গ্যাসলাইন বা সেবা খাত বাবদ আরও টাকা। এ ছাড়া বার্ষিক ঠিক কত টাকা আয় করলে স্বল্প ও মধ্যম আয়ের অধিকারী হবেন, তা এখনো সুনির্দিষ্ট করা হয়নি।